ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

২০২৬ মার্চ ২২ ১৯:২৬:৩৭

যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হবে। সামনে নতুন জাতীয় বাজেট আসছে, তাই ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি দেশবাসীকে আরও সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রামের মেহেদীবাগে তাঁর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক বহুমুখী চাপের মধ্যেও সরকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে আপ্রাণ চেষ্টা করছে। তাঁর মতে, “কঠিন পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখা, ভাড়া বৃদ্ধি না করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে।”

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই, যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে৷ এখনও পর্যন্ত সরকার যুদ্ধের চাপ জনগণের উপর পড়তে দেয়নি, তবে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হতে হবে।” তিনি আরও যোগ করেন, “জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস বের করেছে। আলাদা উৎস থেকে জ্বালানি সংগ্রহ কার্যক্রম এখনও চলমান আছে। ব্যবস্থাপনার মাধ্যমে সরকার এই পরিস্থিতি সামাল দিতে চায়।”

এবারের ঈদে গার্মেন্টস খাতের সাফল্যের কথা উল্লেখ করে আমির খসরু জানান, সময়মতো বেতন-ভাতা নিশ্চিত করায় এবার কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। এছাড়া সরকার ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ড চালু করেছে, কৃষকদের হাজার কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে এবং ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে—যা জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রমাণ।

অর্থমন্ত্রী বলেন, এবারের ঈদে জ্বালানি নিয়ে সাধারণ মানুষের ওপর কোনো চাপ পড়েনি এবং সবাই মুক্তভাবে ঈদ উদযাপন করেছেন। তবে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি দেশের মানুষকে সংযম, সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত