ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

বায়তুল মোকাররমে ঈদের শেষ জামাতে মুসল্লির ঢল

২০২৬ মার্চ ২১ ১১:৫৮:২৮

বায়তুল মোকাররমে ঈদের শেষ জামাতে মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম ও শেষ জামাত শনিবার (২১ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করেন শেষ জামাতে।

শেষ জামাতেও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন, যদিও প্রথম দুটি জামাতের তুলনায় কিছুটা কম উপস্থিতি দেখা যায়। বিশেষত যুবকদের সংখ্যা অন্যান্য জামাতের তুলনায় কম ছিল। প্রতিটি জামাতের আগে মুসল্লিদের মধ্যে সাদাকাতুল ফিতরের অর্থ বিতরণ করা হয়।

এর আগে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রথম চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতের ইমাম ছিলেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতের ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন এবং চতুর্থ জামাত ইমামতি করেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।

প্রতিটি জামাত শেষে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ কামনায় দীর্ঘ মোনাজাত ও দোয়া সম্পন্ন করেন। মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তি চাওয়া ছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিপদ-আপদ থেকে রক্ষা কামনা করা হয়। পাশাপাশি মৃত আত্মীয়-স্বজনের জন্য জান্নাত কামনা ও পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্য বিশেষ দোয়া করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে মুসাফাহা (করমর্দন) ও মুআনাকা (কোলাকুলি) করেন। অনেকে দীর্ঘ সময় তসবিহ পাঠ এবং দুস্থ ও অসহায়দের মধ্যে অর্থ বিতরণেও অংশ নেন, যাতে ঈদের আনন্দ সব স্তরের মানুষের কাছে পৌঁছায়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত