ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

চবি সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই

২০২৬ মার্চ ১৯ ১২:০৬:২৯

চবি সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শিক্ষাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ আর নেই। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরেণ্য এই অধ্যাপকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারসহ চট্টগ্রামের শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে এই শিক্ষাবিদের বয়স ছিল ৭৫ বছর। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য ছিলেন।

১৯৫১ সালের ১ মে চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল ৮ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন আনোয়ারুল আজিম আরিফ। তার পিতা সাইদুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক ছিলেন। তাঁর স্ত্রী জান্নাতুন্নেছা একজন গৃহিণী।

শিক্ষাজীবনে তিনি ১৯৬৭ সালে সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম ও এম.কম সম্পন্ন করেন। ১৯৮২ সালে ফিলিপাইন্স ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ‘দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ থেকে এশিয়ার ‘বেস্ট বি স্কুল অ্যাওয়ার্ড ২০১২’-এ ‘বেস্ট প্রফেসর ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট’ পদকে ভূষিত হন।

কর্মজীবনে তিনি ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। এরপর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

দীর্ঘ কর্মময় জীবনে শিক্ষা, গবেষণা ও প্রশাসনে তার অবদান শিক্ষাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে বলে সহকর্মীরা মনে করছেন। তার মৃত্যু দেশের উচ্চশিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ