ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

কৃষকদের ফসল সুরক্ষায় ‘ফসল বীমা’ চালুর ঘোষণা কৃষিমন্ত্রীর

২০২৬ মার্চ ১৮ ২১:৫০:০৯

কৃষকদের ফসল সুরক্ষায় ‘ফসল বীমা’ চালুর ঘোষণা কৃষিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে কৃষকদের সুরক্ষা দিতে দেশে প্রথমবারের মতো ‘ফসল বীমা’ (Crop Insurance) চালুর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমা সুবিধার আওতায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তাঁরা আর্থিক বিপর্যয়ের মুখে না পড়েন।

বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় সাধারণ মানুষের মাঝে চাল বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান প্রমাণ করেছেন—বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে।” তিনি আরও জানান, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানসহ অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোও দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হচ্ছে।

কৃষিকে অর্থনীতির মূল ভিত্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কৃষকদের জন্য ঋণ সুবিধা সহজীকরণ এবং বিভিন্ন প্রণোদনা দেওয়ার কাজ চলছে। খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। আগামী কয়েক মাসের চাহিদা মেটানোর মতো সক্ষমতা সরকারের আছে, তাই কোনো ধরনের খাদ্য সংকটের আশঙ্কা নেই।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর প্রত্যেকের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ