ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

নীলসাগর উদ্ধারে কতক্ষণ ও নতুন শিডিউল নিয়ে যা জানাল রেলওয়ে

২০২৬ মার্চ ১৮ ১৮:৫৫:৪৮

নীলসাগর উদ্ধারে কতক্ষণ ও নতুন শিডিউল নিয়ে যা জানাল রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীতে ঠাসা ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের বেশ কয়েকটি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটা থেকে পৌনে ৩টার মধ্যে সান্তাহার জংশন স্টেশনের অদূরে ছাতিয়ানগ্রাম ও তিলকপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ছাদে থাকা যাত্রীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রা বিরতি শেষে ছেড়ে যায়। এর কিছু সময় পরই ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে একটি ব্রিজের সামনে ট্রেনের ৭ থেকে ৯টি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশে পড়ে যায়। ঈদে অতিরিক্ত ভিড় থাকায় ট্রেনের ছাদেও বিপুল সংখ্যক যাত্রী ছিলেন। বগিগুলো লাইনচ্যুত হওয়ার সময় ছাদ থেকে পড়ে গিয়ে এবং ভেতরে থাকা যাত্রীরা ঝাকুনিতে গুরুতর আহত হন।

বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ভাগ্যক্রমে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে নওগাঁ জেলা সদর হাসপাতাল এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের রেলপথে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার ঘরমুখো মানুষ। তবে লালমনিরহাট ও রংপুরগামী ট্রেনগুলো বিকল্প উপায়ে বা নির্দিষ্ট সময়ে চলাচলের চেষ্টা করা হচ্ছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবিএম কামরুজ্জামান জানিয়েছেন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উদ্ধার কাজ শেষ হতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তিনি বলেন, “দুর্ঘটনার কারণে ট্রেনের শিডিউলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আমরা যাত্রীদের ভোগান্তি কমাতে নিয়মিত এসএমএস-এর মাধ্যমে ট্রেনের সর্বশেষ অবস্থান ও সময়সূচি জানিয়ে দেব।”

সৈয়দপুর রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ আক্তার জানান, রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে। বগিগুলো উদ্ধার করে লাইন মেরামত না করা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, উদ্ধার কাজ শেষ করতে সন্ধ্যা বা রাত হয়ে যেতে পারে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত