ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

সরাসরি বিশ্বকাপ খেলার পথে এক ধাপ এগোল বাংলাদেশ

২০২৬ মার্চ ১৭ ১০:৪৯:০৮

সরাসরি বিশ্বকাপ খেলার পথে এক ধাপ এগোল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ের সুফল হাতেনাতে পেল বাংলাদেশ। আইসিসির সবশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল। এই অগ্রগতির ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল টাইগাররা।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদে র‍্যাংকিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ের ৫ নম্বরে এবং জিম্বাবুয়ে ১১ নম্বরে অবস্থান করছে। ফলে র‍্যাংকিংয়ের ৯ নম্বর স্থানটি ধরে রাখতে পারলেও বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যাবে। ২০২৬ সালের ৩১ মার্চের র‍্যাংকিংয়ের ওপর ভিত্তি করেই মূলত এই অংশগ্রহণ চূড়ান্ত হবে।

পরিসংখ্যান বলছে, পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশের ঝুলিতে ছিল ৭৬ রেটিং পয়েন্ট, যা নিয়ে টাইগাররা ছিল ১০ নম্বরে। তখন ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ছিল ৭৭। র‍্যাংকিংয়ের ৪ নম্বর দল পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ৩ পয়েন্ট অর্জন করে এখন ৭৯ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে। অন্যদিকে, হারের ফলে র‍্যাংকিংয়ে অবনতি না হলেও ৩ রেটিং পয়েন্ট হারিয়েছে পাকিস্তান (১০২)।

বাংলাদেশের পরবর্তী লক্ষ্য এখন ৮ নম্বরে থাকা ইংল্যান্ড, যাদের পয়েন্ট বর্তমানে ৮৮। অর্থাৎ ইংল্যান্ডকে ধরতে হলে বাংলাদেশকে আরও ৯ রেটিং পয়েন্ট অর্জন করতে হবে। সেই সুযোগটি দ্রুতই আসছে টাইগারদের সামনে। আগামী মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড।

উল্লেখ্য, ওয়ানডে র‍্যাংকিংয়ের দুই নম্বরে থাকা কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৭, ২০ ও ২৩ এপ্রিল। যেহেতু ওই সময়ে আইপিএল ও পিএসএল চলবে, তাই নিউজিল্যান্ড তাদের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে এই সিরিজে পাচ্ছে না। এই সুযোগকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট যেমন বাড়বে, তেমনি র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করার দারুণ সুযোগ পাবেন মিরাজরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত