ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ফারাক্কা বাঁধ দেওয়ায় নদীগুলো অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী টুকু

২০২৬ মার্চ ১৬ ১৮:৩৪:০২

ফারাক্কা বাঁধ দেওয়ায় নদীগুলো অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের নদ-নদী ও খালগুলো আজ অস্তিত্ব সংকটে পড়েছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করতে অতীতে কেউ কার্যকর পদক্ষেপ না নিলেও বর্তমান সরকার জিয়ার আদর্শে নদী-নালা পুনরুজ্জীবনের কাজ শুরু করেছে। সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় একটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভূঞাপুর উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সেচ ব্যবস্থা চালু করেছিলেন।’ তিনি আরও যোগ করেন, নদী-নালা ও বিলে পানি ধরে রেখে কৃষকের দোরগোড়ায় সেচ সুবিধা পৌঁছে দিতেই জিয়াউর রহমান এই মহতী উদ্যোগ নিয়েছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণেই ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের কালো ছায়া কাটিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল।

সে সময়ের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী জানান, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ কেবল খাদ্যে আত্মনির্ভরশীলই হয়নি, বরং উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করার সক্ষমতাও অর্জন করেছিল। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশের প্রতিটি অঞ্চলে কৃষিবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। খাল খননের এই প্রকল্প স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের পানির সমস্যা নিরসনে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত