ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
ঈদে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং বাড়তি ভাড়ার নৈরাজ্য বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নবনিযুক্ত সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ঈদকে কেন্দ্র করে কোনো অবস্থাতেই পরিবহন সেক্টরে অতিরিক্ত অর্থ আদায় সহ্য করা হবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই কঠোর বার্তা পৌঁছে দেন।
মন্ত্রী এদিন নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে মাছঘাট এলাকায় নির্মিতব্য আধুনিক টার্মিনাল ভবন সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ মূলত সাধারণ মানুষের ঈদযাত্রা যাতে কোনো ধরণের ভোগান্তি ছাড়াই সম্পন্ন হয়, সেটি নিশ্চিত করাই মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।
সড়ক ও নৌপথের শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিরসনে প্রশাসনের বিশেষ প্রস্তুতির কথা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ‘আমরা আশা করছি ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে।যেসব জায়গায় ব্যত্যয় ঘটতে পারে, যেখানে যানজট তৈরি হয়, সড়কে শৃঙ্খলা থাকে না-সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও যোগ করেন যে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘আমি নিশ্চিত করতে চাই এবার সবকিছু সুন্দরভাবে হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সব সংস্থা এবার তৎপর থাকবে।’
পরিদর্শনকালে শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ‘নদী দূষণের ব্যাপারে আমরা পরিবেশ মন্ত্রণালয়কে অবগত করব।’ দূষণ রোধে নৌ মন্ত্রণালয়ের দায়বদ্ধতা স্বীকার করে তিনি আরও জানান, ‘আমাদের জায়গা থেকেও কিছু করণীয় আছে। সেগুলো চিহ্নিত করে আমাদের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নেব।’ এ সময় প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রশিদ হাবিব এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন
- ঢাবি উপাচার্য পদের আলোচনায় দুই নারী শিক্ষক
- কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, আলোচনায় ৬ অধ্যাপকের নাম
- ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম ভারতের জমজমাট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- জানুন জুনিয়র বৃত্তিতে মাসিক ও বার্ষিক ভাতার পরিমাণ