ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ওআইসির জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১১:২০:১৭

ওআইসির জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের নতুন করে দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের জনমত সুসংহত করতে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ডাকা একটি বিশেষ জরুরি বৈঠকে অংশ নিতে মঙ্গলবার মধ্যরাতে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারে দায়িত্ব পাওয়ার পর এটিই তাঁর প্রথম কোনো আনুষ্ঠানিক বিদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। মূলত অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি কেনা সহজ করার নামে ইসরায়েলের সাম্প্রতিক বিতর্কিত আইনের প্রতিবাদ জানাতেই এই জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল এই আইনের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করার যে চেষ্টা চালাচ্ছে, তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ওআইসির এই বিশেষ সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ড. খলিলুর রহমান। সেখানে তিনি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক ও অনড় নৈতিক অবস্থান বিশ্ব দরবারে পুনরায় তুলে ধরবেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের দিক থেকেও পররাষ্ট্রমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেদ্দায় অবস্থানকালে মূল বৈঠকের পাশাপাশি ড. খলিলুর রহমান ওআইসি সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একান্ত সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন। এসব পার্শ্ববৈঠকে বাংলাদেশের নতুন সরকারের অগ্রাধিকার এবং বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও উন্নয়নমূলক বিষয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত