ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
এনআইডি তথ্য সংশোধনে নতুন নিয়ম জারি ইসির
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রের গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। নতুন নিয়ম অনুযায়ী, এ ধরনের সব আবেদন আর মাঠ পর্যায়ে নিষ্পত্তি হবে না; বরং সরাসরি এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত ওই আদেশে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বাস্তবায়নের বিষয়টি জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের ২৪ ডিসেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের আলোকে জন্মতারিখ অথবা জন্মতারিখসহ অন্য গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের আবেদনগুলো এখন থেকে ‘ঘ’ ক্যাটাগরিতে গণ্য হবে। আগে এসব আবেদন আঞ্চলিক বা জেলা নির্বাচন কর্মকর্তারা ‘ক’, ‘খ’ বা ‘গ’ ক্যাটাগরিতে বিবেচনা করে নিষ্পত্তি করতেন।
প্রজ্ঞাপন জারির আগে মাঠ পর্যায়ে জমা পড়া আবেদনগুলোর ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। পূর্বনির্ধারিত ক্যাটাগরি পরিবর্তন করে সবগুলো আবেদন ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করতে হবে এবং সংশ্লিষ্ট অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় নথিসহ সেগুলো মহাপরিচালক পর্যায়ে উপস্থাপন করবেন।
এ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য তিন দফা নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, জন্মতারিখ সংক্রান্ত যেসব আবেদন আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। দ্বিতীয়ত, ওই তালিকা পাওয়ার পর ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদনগুলোর ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ হিসেবে চূড়ান্ত করতে হবে। তৃতীয়ত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে থাকায় সংশোধন কার্যক্রম সীমিত— তাই জমে থাকা অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি মনে করছে, কেন্দ্রীয়ভাবে ক্যাটাগরি নির্ধারণ ও ডিজি পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ফলে এনআইডি সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়বে। যদিও মাঠ থেকে সব ফাইল প্রধান কার্যালয়ে পাঠানোর কারণে কাজের চাপ বাড়তে পারে বলে কিছুটা আশঙ্কা রয়েছে। তবু নির্বাচনকালীন সময়ে নাগরিক সেবা সচল রাখতে দ্রুত নিষ্পত্তির এই উদ্যোগ নেওয়া হয়েছে। সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক