ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত

২০২৬ জুলাই ১৭ ১৭:৫৪:০৬

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত

স্পোর্টস ডেস্ক: আর মাত্র দুই দিনের অপেক্ষা। এরপরই পর্দা নামবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফিফা বিশ্বকাপের। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টানা ৩৮ দিনব্যাপী এই মহাযজ্ঞ। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আলোচনায় রয়েছে এবারের রেকর্ড প্রাইজমানি চ্যাম্পিয়ন দল কত অর্থ পাবে, রানার্সআপের ভাগ্যে কী থাকছে, আর অংশগ্রহণকারী দলগুলোর জন্যই বা কী পরিমাণ অর্থ বরাদ্দ রয়েছে।

২০২৬ বিশ্বকাপ ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে বড় আসর। ৪৮ দলের অংশগ্রহণ, রেকর্ডসংখ্যক ম্যাচ, নতুন ফরম্যাট এবং বিপুল দর্শক আগ্রহের কারণে এবারের আয়োজনের আর্থিক পরিধিও অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সেই ধারাবাহিকতায় টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা।

মোট প্রাইজমানি ৬৫৫ মিলিয়ন ডলার

২০২৫ সালের শেষদিকে ফিফা ঘোষণা দেয়, ২০২৬ বিশ্বকাপের মোট প্রাইজমানির পরিমাণ ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ৫০ শতাংশ বেশি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮ হাজার ৮৩ কোটি ৬১ লাখ টাকারও বেশি।

ফাইনালে স্পেন কিংবা আর্জেন্টিনা যে দলই শিরোপা জিতুক, তারা পাবে ৫ কোটি (৫০ মিলিয়ন) মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৭ কোটি ৭ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ (৩৩ মিলিয়ন) ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৭ কোটি ২৭ লাখ টাকা।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের বিজয়ী দল পাবে ২ কোটি ৯০ লাখ (২৯ মিলিয়ন) ডলার বা প্রায় ৩৫৮ কোটি টাকা। চতুর্থ স্থান অর্জনকারী দলের জন্য বরাদ্দ রয়েছে ২ কোটি ৭০ লাখ (২৭ মিলিয়ন) ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৩ কোটি ২২ লাখ টাকা।

এক নজরে প্রাইজমানি

চ্যাম্পিয়ন: ৫০ মিলিয়ন ডলার

রানার্সআপ: ৩৩ মিলিয়ন ডলার

তৃতীয় স্থান: ২৯ মিলিয়ন ডলার

চতুর্থ স্থান: ২৭ মিলিয়ন ডলার

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়: ১৯ মিলিয়ন ডলার

রাউন্ড অব ১৬ থেকে বিদায়: ১৫ মিলিয়ন ডলার

রাউন্ড অব ৩২ থেকে বিদায়: ১১ মিলিয়ন ডলার

গ্রুপ পর্ব থেকে বিদায়: ৯ মিলিয়ন ডলার, সঙ্গে প্রস্তুতি ব্যয় বাবদ অতিরিক্ত ১ দশমিক ৫ মিলিয়ন ডলার

অর্থাৎ, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলই নিশ্চিতভাবে অন্তত ১০ দশমিক ৫ মিলিয়ন ডলার পাচ্ছে।

খেলোয়াড়দের হাতে কি সরাসরি এই অর্থ যায়?

ফিফা সরাসরি খেলোয়াড়দের কাছে প্রাইজমানির অর্থ দেয় না। সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের কাছে অর্থ হস্তান্তর করা হয়। এরপর সেই সংস্থাই সিদ্ধান্ত নেয় খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের মধ্যে কত অর্থ বণ্টন করা হবে। অবশিষ্ট অর্থ সাধারণত দেশের ফুটবল উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হয়।

ফিফার সম্ভাব্য আয় ১০ বিলিয়ন ডলারের বেশি

ফিফার পূর্বাভাস অনুযায়ী, ৪৮ দলের প্রথম বিশ্বকাপ থেকে সংস্থাটির আয় ১০ বিলিয়ন ডলারেরও বেশি হবে। সে হিসাবে মোট প্রাইজমানি সম্ভাব্য আয়ের প্রায় ৬ দশমিক ৫ শতাংশ।

এ ছাড়া ২০২৩-২০২৬ মেয়াদে ফিফার মোট আয় ১৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগের চার বছরের চক্রে এ আয় ছিল ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।

কাতার বিশ্বকাপের তুলনায় কত বেড়েছে?

২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার। এবার চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৫০ মিলিয়ন ডলার, অর্থাৎ ৮ মিলিয়ন ডলার বেশি। একইভাবে রানার্সআপ দলের পুরস্কার বেড়েছে ৩ মিলিয়ন ডলার এবং তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলের পুরস্কার বেড়েছে ২ মিলিয়ন ডলার করে।

ফিফা প্রথমবার বিশ্বকাপের প্রাইজমানি প্রকাশ করেছিল ১৯৮২ সালে। সে সময় ইতালি শিরোপা জিতে পেয়েছিল মাত্র ২ দশমিক ২ মিলিয়ন ডলার এবং পুরো টুর্নামেন্টের মোট প্রাইজমানি ছিল ২০ মিলিয়ন ডলার। ৪৪ বছর পর চ্যাম্পিয়ন দলের পুরস্কার বেড়ে দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন ডলারে, যা ১৯৮২ সালের তুলনায় ২০ গুণেরও বেশি।

ট্রফির সঙ্গে মিলবে পদকও

শিরোপাজয়ী দলের ২৬ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যরা স্বর্ণপদক পাবেন। রানার্সআপ দলের জন্য থাকবে রৌপ্যপদক এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ব্রোঞ্জপদক। ফাইনালের রেফারি ও ম্যাচ কর্মকর্তারাও স্মারক পদক গ্রহণ করবেন।

ফাইনাল শেষে ঘোষণা করা হবে টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারও। গোল্ডেন বল (সেরা খেলোয়াড়), গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক) এবং গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা) বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। তবে এসব সম্মাননার সঙ্গে কোনো অর্থ পুরস্কার দেওয়া হয় না।

এবারের গোল্ডেন বুটের লড়াই শেষ পর্যন্ত সীমাবদ্ধ হয়েছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে। দুজনেরই গোল সংখ্যা সমান ৮টি করে। তবে একটি বেশি অ্যাসিস্ট থাকায় এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। দুজনের সামনেই রয়েছে একটি করে ম্যাচ। সেটির পরই নির্ধারিত হবে, এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মর্যাদাপূর্ণ পুরস্কারটি কার হাতে উঠবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত