ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: দেশে এমন একটি নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, যেখানে ভীতি বা চাপ নয় জনগণের মতামতেরই প্রকৃত প্রতিফলন ঘটবে। তার ভাষায়, শান্তিপূর্ণ পরিবেশে মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই কেবল একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
তিনি বলেন, সময়ের সঙ্গে মানুষ আরও সচেতন হয়েছে। মব তৈরি করে বা ভয় দেখিয়ে জনমত প্রভাবিত করার দিন শেষ। এখন রাজনীতিতে টিকে থাকতে হলে জনগণের সামনে যেতে হবে কর্মসূচি, অঙ্গীকার, বক্তব্য ও ব্যক্তিগত চরিত্র নিয়ে। অতীত ও বর্তমান বিবেচনায় জনগণই ঠিক করবে কাকে তারা বিশ্বাস করবে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে মিরপুরে আহত জামায়াতের নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তা দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। সংশ্লিষ্টদের সেখানে অভিযোগ জানাতে হবে। কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো অধিকার নেই মব তৈরি করার। তিনি এই ‘নোংরা মব রাজনীতি’র তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি এখানেই বন্ধ হওয়া উচিত।
তিনি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের ওপর আস্থা রাখুন। ভোটারকে শান্তিপূর্ণভাবে নিজের পছন্দের প্রতীক বাক্সে ফেলার সুযোগ দিন। ভোটারকে সহযোগিতা করা সব প্রার্থীরই দায়িত্ব।
জামায়াত আমির আরও বলেন, তাদের রাজনৈতিক অঙ্গীকার পরিষ্কার দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না। তিনি জানান, জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এই দুই প্রক্রিয়াতেই অংশ নেবে।
তিনি সতর্ক করে বলেন, যদি সাড়ে ১৫ বছরের পুরোনো কায়দায় আবারও নির্বাচনী মাঠ অশান্ত করা হয়, তাহলে জাগ্রত যুবসমাজ তা মেনে নেবে না। কারণ পরিবর্তনের জন্য তারাই রক্ত দিয়েছে এবং নেতৃত্ব দিয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘তোমার ভোট আমি দেব, আমারটাও আমি দেব’ এই ধরনের কারসাজির চেষ্টা হলে যুবসমাজ ব্যালটের মাধ্যমেই জবাব দেবে। তাই সবাইকে শান্তিপূর্ণ অবস্থানে থেকে, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিএনপির কর্মীদের দ্বারা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এ হামলা শুধু পুরুষদের ওপর নয়, মা-বোনদের ওপরও হয়েছে বলে দাবি পাওয়া গেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তোলেন, যারা মায়ের গর্ভে জন্মেছে তারা কীভাবে এমন আচরণ করতে পারে।
নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জামায়াত আমির বলেন, শুধু একটি আসনে নয়, বিভিন্ন জায়গা থেকে অনিয়ম ও সহিংসতার খবর আসছে। কমিশনের দায়িত্ব সবাইকে সমান সুযোগ দেওয়া এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
শেষ বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আমরা আর এসব ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। যার যার নাগরিক ও প্রশাসনিক দায়িত্ব সঠিকভাবে পালন করা জরুরি। জামায়াতে ইসলামী জনগণের ওপর পূর্ণ আস্থা রাখে এবং একটি মানবিক, নিরাপদ ও যুবসমাজের স্বপ্নের বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। আমাদের কর্মসূচি জনগণ গ্রহণ করুক এটাই আমাদের প্রত্যাশা; কিন্তু দয়া করে এতে বাধা সৃষ্টি করবেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত