ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
৪৭তম বিসিএস: সেনানিবাসের কেন্দ্রে প্রবেশে বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত কয়েকটি কেন্দ্রে বিপুলসংখ্যক পরীক্ষার্থী অংশ নেবেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সেনানিবাসের নিরাপত্তা বজায় রাখতে এই কেন্দ্রগুলোতে প্রবেশের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এবং মুসলিম মডার্ন একাডেমিতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশ করতে হবে। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের পরীক্ষার্থীরা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (এমইএস) গেট অথবা ইসিবি সংলগ্ন পকেট গেট ব্যবহার করবেন। মুসলিম মডার্ন একাডেমির পরীক্ষার্থীরা কচুক্ষেত সংলগ্ন এমইএস কনভেনশন হলের পাশের পকেট গেট দিয়ে প্রবেশ করবেন। পিএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা সমস্যা এড়াতে নির্দিষ্ট প্রবেশপথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
পিএসসি সূত্র অনুযায়ী, ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এতে ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী অংশ নেবেন। রাজধানীর বাইরে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ শহরেও পরীক্ষার কেন্দ্র রয়েছে।
কেন্দ্রে প্রবেশে নিয়মাবলী: পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
হলের নাম ও কক্ষ নম্বর এসএমএসের মাধ্যমে মোবাইল নম্বরে জানানো হবে।
স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
প্রবেশপত্রে উল্লিখিত তথ্য ও ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর যাচাই করা হবে। গরমিল পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হবে।
প্রশ্নপত্র ও উত্তরপত্রে ৪টি সেট থাকবে। পরীক্ষার্থীকে তার উত্তরপত্রের সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে।
২০০টি এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে।
পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা। পরীক্ষা চলাকালে কক্ষ ত্যাগ করা যাবে না।
প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে আনা যাবে না। মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। ১ নভেম্বর ২০২৪ তারিখে যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল, তারা আবেদনের সুযোগ পেয়েছেন। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭ এবং নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। সব মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ