ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শেয়ারবাজার চাঙা, তবু বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট ভাটা
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার আগস্ট মাসে সূচক ও লেনদেনের দিক থেকে ইতিবাচক ধারা দেখালেও বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা উল্টো কমেছে প্রায় দুই হাজার। আরও উদ্বেগের বিষয় হলো, শেয়ারবিহীন বা শূন্য বিও হিসাব বেড়েছে তিন হাজারের বেশি।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) উপাত্ত অনুযায়ী, জুলাই শেষে মোট বিও হিসাব ছিল ১৬ লাখ ৪৭ হাজার ২৪৮টি। আগস্ট শেষে সংখ্যা কমে দাঁড়ায় ১৬ লাখ ৪৫ হাজার ৪০১টিতে। অর্থাৎ এক মাসে বিও হিসাব কমেছে ১ হাজার ৯৪৭টি। এর মধ্যে শেয়ারবিহীন হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭২ হাজার ৮৫৯টি, যা আগের মাসের তুলনায় ৩ হাজার ৬৮টি বেশি।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে দাম বাড়ায় অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিয়েছেন। ফলে হাতে থাকা সব শেয়ার বিক্রি করে অনেক বিও হিসাব এখন শূন্য হয়ে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক পরিচালক বলেন, “বাজার ভালো থাকলেও সবসময় কেনার সুযোগ পাওয়া যায় না। অনেকেই দাম কমার অপেক্ষায় হাতের শেয়ার বিক্রি করে রেখেছেন। প্রকৃতপক্ষে মন্দা বাজারেই বিনিয়োগের ভালো সুযোগ তৈরি হয়।”
তবে বাজার বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘমেয়াদে পরিস্থিতি ইতিবাচক হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশি-বিদেশি বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে কাজ করছে। এসব কোম্পানি তালিকাভুক্ত হলে বিও হিসাব বাড়বে। পাশাপাশি বিও হিসাব রক্ষণাবেক্ষণের বার্ষিক ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বোঝা হালকা হয়েছে। এতে ভবিষ্যতে শূন্য বা বন্ধ বিও হিসাবের সংখ্যা কমবে বলেও আশা করা হচ্ছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, “আগে উচ্চ ফি-র কারণে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী বাজার ছেড়ে দিতেন। ফি কমায় এখন বিও হিসাব ধরে রাখা সহজ হবে, ব্রোকারেজ হাউজগুলোকেও টিকে থাকতে সহায়তা করবে।”
আগস্ট শেষে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১২ লাখ ৩৫ হাজার ৮৯৮টি, যা জুলাইয়ের তুলনায় কমেছে ১ হাজার ১১৭টি। নারীদের হিসাবও ৭৬৭টি কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৯৭১টিতে।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। আগস্ট শেষে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৫ লাখ ৮৪ হাজার ১০৮টি, যা এক মাসে কমেছে প্রায় ১ হাজার ৯২টি। বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৬১টিতে, যা জুলাইয়ের তুলনায় ৭৯২টি কম।
আগস্ট শেষে সক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল ১২ লাখ ৮ হাজার ১৫টি, যেখানে শেয়ার বা ইউনিট রয়েছে। এসব হিসাবে মোট ১০ হাজার ২৬০টি শেয়ার ও ইউনিট ছিল, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৩ লাখ ২৬ হাজার ৫২৪ কোটি টাকা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস