ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পুশইনকে ভিত্তিহীন বলে আবারও পুশইন ভারতের
ডুয়া ডেস্ক: পুশইন বিষয়ে বাংলাদেশের দাবিকে ভিত্তিহীন বলে আবারও বাংলাদেশি নাগরিকদের পুশইন করেছে ভারত।
আজ বৃহস্পতিবার (২২ মে) ভোরে ফেনী ও পঞ্চগড় জেলার পৃথক তিনটি সীমান্ত দিয়ে মোট ৪৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ‘ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার যশপুর ও খেজুরিয়া বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
অন্যদিকে, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (পুশ-ইন)। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৬ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে।
এ বিষয়ে ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকদের সীমান্ত অতিক্রম করিয়ে দেয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।”
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, “বড়বাড়ি সীমান্তের ৭৫৭ নম্বর পিলারের ১০ নম্বর সাব-পিলারের কাছে আড়াই কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঢুকে এসব মানুষকে আটক করা হয়।”
তিনি আরও জানান, “আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট এলাকায় অবৈধভাবে বসবাস ও শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত ২১ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে কলকাতায় পাঠায় এবং সেখান থেকে বাসে করে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে এনে বিজিবিকে না জানিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পুশইন করে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। এ ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।’
লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বলেন, “বিএসএফের উচিত ছিল বিজিবিকে জানিয়ে ও যথাযথ আইনি প্রক্রিয়ায় এসব মানুষকে হস্তান্তর করা। বিজিবি অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।”
এদিকে, চলতি মে মাসে ভারত সীমান্ত দিয়ে কমপক্ষে ৩৭০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর (পুশ ইন) অভিযোগে উদ্বেগ জানায় বাংলাদেশ। এ নিয়ে চারবার কূটনৈতিক চিঠি দিলেও ভারত তা নাকচ করেছে। চিঠিগুলোর মাধ্যমে বাংলাদেশ ভারতকে অনুরোধ করেছে, ‘পুশ ইন অবিলম্বে বন্ধ করতে এবং বিদ্যমান সীমান্ত চুক্তিগুলো মেনে চলতে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৮, ১৩, ১৫ ও ২০ মে তারিখে পাঠানো চিঠিগুলোর জবাবে ভারত ২১ মে একটি বার্তা পাঠায়। চিঠিতে তারা দাবি করে, সব কিছু আইন অনুযায়ীই করা হচ্ছে এবং ‘অবৈধ বিদেশিদের বাংলাদেশে পাঠানো’র অভিযোগ ভিত্তিহীন।
ভারতের কূটনৈতিক বার্তায় আরও বলা হয়, ‘তারা দেশের প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী অবৈধ বিদেশিদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। ভারতের দাবি অনুযায়ী, বাংলাদেশ এখন পর্যন্ত ২,৪৬১ জন সন্দেহভাজন বাংলাদেশির পরিচয় যাচাই শেষ করেনি যা এই প্রক্রিয়ায় জটিলতা তৈরি করছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ