×

ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নারী চিকিৎসকের কাছে পুরুষেরা ব্যথা কম প্রকাশ করেন

২০২৬ অক্টোবর ২৭ ১৫:০৩:০১

নারী চিকিৎসকের কাছে পুরুষেরা ব্যথা কম প্রকাশ করেন

ডুয়া ডেস্ক: নারী চিকিৎসক বা গবেষক যখন পুরুষের ব্যথার মাত্রা জানতে চান, তখন পুরুষেরা তুলনামূলক কম ব্যথা অনুভবের কথা জানান। তবে নারীদের ক্ষেত্রে পরীক্ষকের লিঙ্গের কারণে ব্যথা অনুভবের মাত্রায় একই ধরনের প্রভাব দেখা যায়নি। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের ১৪ নভেম্বর গবেষণাটির ফল প্রকাশ করা হয়।

গবেষণায় অংশগ্রহণকারীদের শরীরে লেজার ও বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে ব্যথা সৃষ্টি করা হয়। এরপর তাঁদের কাছে ব্যথার মাত্রা জানতে চাওয়া হয়। এতে দেখা যায়, নারী পরীক্ষক যখন পুরুষ অংশগ্রহণকারীদের ব্যথা সম্পর্কে জানতে চান, তখন তাঁরা তুলনামূলক কম ব্যথা অনুভবের কথা জানান।

এ ছাড়া অস্ত্রোপচারের পর ২৪৫ জন রোগীর ওপর পরিচালিত পর্যবেক্ষণেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। নারী পরীক্ষকের কাছে পুরুষ রোগীরা তুলনামূলক কম ব্যথার কথা জানিয়েছেন। তবে নারী রোগীদের ক্ষেত্রে পরীক্ষকের লিঙ্গের কারণে ব্যথা অনুভবের মাত্রায় উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি।

গবেষকদের ধারণা, নারী পরীক্ষকের সঙ্গে যোগাযোগের সময় পুরুষদের মধ্যে সহমর্মিতার অনুভূতি, সামাজিক প্রত্যাশা কিংবা অবচেতন আচরণ কাজ করতে পারে। এর ফলে তাঁরা নিজেদের ব্যথার মাত্রা কম করে প্রকাশ করতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন গবেষকেরা।

গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই ফলাফল দিয়ে সব পুরুষের ব্যথা অনুভবের ধরন ব্যাখ্যা করা সম্ভব নয়। ব্যক্তিভেদে ব্যথার অনুভূতি এবং তা প্রকাশের ধরনে পার্থক্য থাকতে পারে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত