×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

উন্নত বাংলাদেশ গড়ার যুদ্ধে তরুণদের প্রস্তুত হতে বললেন এলজিআরডি মন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২৯ ২০:২৬:৩৯

উন্নত বাংলাদেশ গড়ার যুদ্ধে তরুণদের প্রস্তুত হতে বললেন এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তরুণদের উন্নত বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই তরুণদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘গ্র্যাজুয়েশন সেরিমনি-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

ড. আবদুল মঈন খান বলেন, ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধ।’

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম তরুণদের ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। তাঁর মতে, এই প্রশিক্ষণ দেশ গড়ার বৃহত্তর দায়িত্ব পালনেরও প্রস্তুতি।

দেশের ইতিহাসে তরুণদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তাঁদের এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, প্রশিক্ষণ শেষ করে আজ যারা গ্র্যাজুয়েশন অর্জন করছেন, তাঁদের জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা হচ্ছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের জ্ঞান, দক্ষতা এবং নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাতে হবে।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনাদের কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ