ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
‘কোনো ধরনের নির্বাচনী কলঙ্ক বর্তমান সরকার নিতে চায় না’
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলডিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন আয়োজন করতে চায়। কোনো ধরনের নির্বাচনী কলঙ্ক বর্তমান সরকার নিতে চায় না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো রংপুর সফর করেন মীর শাহে আলম। সফরের শুরুতে সকালে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন। এ সময় শহীদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তাঁর বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
এরপর পীরগঞ্জ উপজেলার কয়েকটি স্কুল-কলেজ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে বড়দরগাহ থেকে ভেন্ডাবাড়ি জিসি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে রংপুরের কর্মসূচিতে অংশ নেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় মীর শাহে আলম বলেন, অবহেলিত রংপুরের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। জেলার সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধান করা হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের সভা থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। আগামী মাসের সভায় পরিস্থিতির উন্নতি না হলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সারা দেশে সুষম উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সেই ধারায় রংপুরেও উন্নয়ন করা হবে। ইতোমধ্যে রংপুর জেলার ছয়টি আসনের জন্য ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুর বিভাগের জন্য প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব একনেকে পাঠানো হয়েছে।
তিনি জানান, জনস্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে রংপুরের দীর্ঘদিনের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে মীর শাহে আলম বলেন, তিস্তা নিয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে খুব দ্রুত কার্যকর উদ্যোগ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন এবং জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিকেলে রংপুর জেলা পরিষদের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে সন্ধ্যায় সাতগড়া এলাকায় জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ রংপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)