×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ইউএনজিএ সফরে জাতীয় স্বার্থ জোরালোভাবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৭:৩৭:২৯

ইউএনজিএ সফরে জাতীয় স্বার্থ জোরালোভাবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দিনের নিউইয়র্ক সফরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন।

রোববার প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সামগ্রিকভাবে চার কর্মদিবসের এই সফরে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সামনে দেশের স্বার্থ ও সম্ভাবনাগুলো দৃঢ়ভাবে তুলে ধরেছেন এবং তিনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত রেখেছেন।’

মাহদী আমিন বলেন, নিউইয়র্কে চার কর্মদিবসে প্রধানমন্ত্রী ৩০টি কর্মসূচিতে অংশ নেন। এসবের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে ১১টি দ্বিপাক্ষিক বৈঠক, জাতিসংঘ সাধারণ পরিষদ সংশ্লিষ্ট আটটি ও ১১টি প্রাতিষ্ঠানিক কর্মসূচি ছিল। এর বাইরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সম্মিলিতভাবে প্রায় ৮০টি কর্মসূচিতে অংশ নেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচিতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

মাহদী আমিন আরও বলেন, ‘জাতিসংঘে অত্যন্ত ফলপ্রসূ ও সফল এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে দেশকে এক উচ্চতর অবস্থানে নিয়ে গেছেন।’

প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ছিল সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তরুণ ও নারীদের মতো সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সরকারের নেওয়া নীতি, কর্মসূচি ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

তিনি বলেন, ‘আমরা আশা করছি এগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে।’

মাহদী আমিন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও জনকল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বিষয়ে সরকারের রূপকল্পও উপস্থাপন করেন। সাধারণ বিতর্কে অংশ নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু মোকাবিলা, ন্যায়সঙ্গত উত্তরণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মা ও নবজাতকের স্বাস্থ্য ও ধাত্রীসেবা নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য দেন বা অংশ নেন।

সফরকালে বিশ্বশান্তি ও ফিলিস্তিন প্রসঙ্গও প্রধানমন্ত্রী তুলে ধরেছেন বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের বিষয়েই কথা বলেননি, বিশ্বশান্তির কথাও বলেছেন। ফিলিস্তিনে কীভাবে শান্তি দেখতে চায় বাংলাদেশ, সে বিষয়েও তিনি বক্তব্য দিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের সময় সভাকক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধিদলের বেরিয়ে আসার (ওয়াকআউট) ঘটনাটিও ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছে বলে উল্লেখ করেন মাহদী আমিন।

তিনি বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে সমর্থনের আশ্বাস পেয়েছে।

বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান বাংলাদেশের পাশে থাকবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকারও প্রশংসা করেছে তারা।

প্রধানমন্ত্রীর এই সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মাহদী আমিন বলেন, অনেক বছর পর জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে কতটা উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন, সেটিও সফরকালে দেখা গেছে।

সফরে উপস্থাপিত নীতি, কর্মসূচি ও পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে নিয়ে যেতে এখন সরকার কাজ করবে বলেও জানান তিনি।

মাহদী আমিন বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই প্রধানমন্ত্রীর এই সফরে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কাজ করব।’

ইএইচপি

ট্যাগ: স্বাস্থ্য নারী তারেক রহমান শিক্ষা জাতিসংঘ বাংলাদেশের অবস্থান তরুণ কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষি ওয়াকআউট জাতিসংঘ অধিবেশন ইসরায়েলি প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্ক সফর বিশ্বশান্তি জলবায়ু পরিবর্তন কর্মসংস্থান ইউএনজিএ আঞ্চলিক সহযোগিতা দ্বিপাক্ষিক বৈঠক টেকসই উন্নয়ন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ফিলিস্তিন সংকট আন্তর্জাতিক শান্তি জ্বালানি নিরাপত্তা জনশক্তি রপ্তানি আত্মনির্ভরশীল বাংলাদেশ মাহদী আমিন বাণিজ্য ও বিনিয়োগ জাতীয় স্বার্থ ফিলিস্তিন ইস্যু প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএনজিএ ৮১তম অধিবেশন স্বনির্ভর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর বাংলাদেশের জাতীয় স্বার্থ প্রধানমন্ত্রীর মুখপাত্র বহুপাক্ষিক বৈঠক ন্যায়সঙ্গত উত্তরণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মা ও নবজাতকের স্বাস্থ্য ধাত্রীসেবা বাংলাদেশ প্রতিনিধিদল ৩০টি কর্মসূচি ১১টি দ্বিপাক্ষিক বৈঠক ৮টি জাতিসংঘ সাধারণ পরিষদ সংশ্লিষ্ট কর্মসূচি ১১টি প্রাতিষ্ঠানিক কর্মসূচি ৮০টি কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত