×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

এমপিও শিক্ষকদের বদলির ফল প্রকাশে জটিলতা, যা জানাল মাউশি

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৯:১৫:২৫

এমপিও শিক্ষকদের বদলির ফল প্রকাশে জটিলতা, যা জানাল মাউশি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শেষ হওয়ার নয় দিন পেরোতে চললেও এখনো ফল প্রকাশ করা হয়নি। ফলাফল কবে প্রকাশ করা হতে পারে, সে বিষয়েও স্পষ্ট কোনো সময় জানাতে পারছে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে বদলির ফলের অপেক্ষায় থাকা কয়েক হাজার প্রার্থী দুশ্চিন্তায় পড়েছেন।

মাউশি জানিয়েছে, ফল প্রকাশে বিলম্বের পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে একটি হলো, অনেক আবেদনকারী তাঁদের করা আবেদন বাতিল করতে চাইছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত প্রয়োজন হলেও বিষয়টি এখনো তাঁর কাছে উপস্থাপন করা সম্ভব হয়নি। ফলে বদলির ফল প্রকাশের প্রক্রিয়াও এগোয়নি।

এ ছাড়া ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ পাওয়া ১৯৫ জন প্রার্থীকে প্রতিস্থাপন করা হয়েছে। যেসব পদে তাঁদের প্রতিস্থাপন করা হয়েছে, সেসব পদেও শিক্ষকরা বদলির আবেদন করেছেন। এ বিষয়টিরও সমাধান প্রয়োজন এবং এ ক্ষেত্রে শিক্ষামন্ত্রীর নির্দেশনা দরকার বলে জানিয়েছে মাউশি।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘শিক্ষকদের বদলিতে বেশি কিছু জটিলতা রয়েছে। এগুলো নিরসনে শিক্ষামন্ত্রীর নির্দেশনা প্রয়োজন। খুব বিষয়গুলো মন্ত্রীকে অবহিত করা হবে। এরপর নির্দেশনা পেলে বদলির ফল প্রকাশ করা হবে।’

গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শেষ হয়। মাউশির তথ্য অনুযায়ী, বদলির জন্য ১৩ হাজার ৬৭৮টি আবেদন জমা পড়েছে। তবে একজন প্রার্থী একাধিক আবেদন করতে পারায় প্রকৃত আবেদনকারীর সংখ্যা জানা যায়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত