×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৬:৫১:০১

কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক: দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এমন প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিষ্ঠানটির সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। বেকারত্ব সৃষ্টি হয় ও কর্ম উপযোগী নয় এমন শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা দানে বিশেষ গুরুত্ব দিতে হবে।’

সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবের পাশাপাশি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত