×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠায় সহযোগিতা করবে যুক্তরাজ্য

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৫:১২:৩৫

বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠায় সহযোগিতা করবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে বাংলাদেশের হসপিটালিটি খাতের বিকাশে দেশটির বিনিয়োগকারীদের আগ্রহের কথাও জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব আগ্রহের কথা জানান।

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়নের অংশ হিসেবে এয়ারবাস কেনার প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের স্বল্পতা রয়েছে। তবে যেকোনো উড়োজাহাজ কেনার প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখেই সম্পন্ন করা হবে। জরুরি ভিত্তিতে বিমানের বহরে উড়োজাহাজ যুক্ত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। হাই লেভেল নেগোসিয়েশন কমিটির সুপারিশের ভিত্তিতেই সরকার উড়োজাহাজ কিনবে।

মন্ত্রী আরও বলেন, ২০১৭ সালে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের ওপর হাই রিস্ক কার্গো অ্যান্ড মেইল (এইচআরসিএম) আরোপ করে। এর ফলে কার্গো হ্যান্ডলিংয়ের সময় ও খরচ দুটিই বেড়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এই স্ট্যাটাস প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে।

এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমানবন্দরে প্রয়োজন অনুযায়ী এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি শেষ হওয়া অডিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী বিমানবন্দর সন্তোষজনক রেটিং পেয়েছে। এ কারণে ইউরোপিয়ান ইউনিয়ন এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করছে সরকার।

সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের হসপিটালিটি খাতের বিকাশে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। বাংলাদেশ সরকারের এভিয়েশন হাব প্রতিষ্ঠার অগ্রযাত্রায় সহযোগিতা করতেও যুক্তরাজ্য প্রস্তুত। এ ছাড়া থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে মেনজিস এভিয়েশনের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কাজ করার আগ্রহের বিষয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত