×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ব্রিকস সম্মেলনে বাংলাদেশ যাচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৫:১৫:৪৬

ব্রিকস সম্মেলনে বাংলাদেশ যাচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নেই বলে অনেকটাই নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি জানান, ব্রিকস সম্মেলন নয়, বরং ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফরকেই বেশি গুরুত্ব দিচ্ছে ঢাকা।

ভারতের রাজধানী দিল্লিতে ব্রিকসের অষ্টাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর। এই সম্মেলনের একটি পর্বে অংশ নিতে বিমসটেক জোটের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। তবে আমন্ত্রণের এই প্রক্রিয়া নিয়ে আগে থেকেই অসন্তোষ জানিয়ে আসছিল ঢাকা।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে কে যাচ্ছেন এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে?’ বিমসটেক চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন, ‘বিমসটেকের প্রধান তো এখন বাংলাদেশ নয়। যদি বাংলাদেশ বিমসটেকের চেয়ার হতো, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত না দেওয়া হতো, তাহলে এই প্রশ্ন উঠত। কিন্তু এখন তো বিমসটেকের চেয়ার অন্য দেশ। তাহলে সেখানে প্রতিনিধি পাঠানোর মতো সুযোগ বা স্কোপ কোথায়?’

উল্লেখ্য, ভারত সরকার তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানিয়ে রেখেছে। গত ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে এই আমন্ত্রণ জানান। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছি। যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখন দ্বিপাক্ষিক সফর হবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।’

তবে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার তৎপরতা নিয়ে বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে অসন্তোষ জানিয়ে আসছে। বিশ্লেষকদের দৃষ্টিতে, এই বিষয়টিই তারেক রহমানের সম্ভাব্য সফরের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

মেয়াদ ফুরোতে থাকা গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘আমাদের জাতীয় স্বার্থ যেখানেই জড়িত, সেখানেই আমরা গুরুত্বের সঙ্গে ও দক্ষতার সঙ্গে কাজ করব। আনন্দবাজার পত্রিকা যা-ই বলুক না কেন, আমি আমার দেশের স্বার্থ ও আনন্দের কথা ভাবব।’

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সফরসূচি চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত