ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সপ্তম দিনে না পারলে কি পরে আকিকা করা যাবে? জানুন শরিয়তের বিধান
ডুয়া ডেস্ক: সন্তান আল্লাহ তাআলার এক মহামূল্যবান নিয়ামত। নবজাতকের আগমনে একটি পরিবার যেমন আনন্দে উদ্বেলিত হয়, তেমনি ইসলামও এই আনন্দকে কৃতজ্ঞতা ও ইবাদতের মাধ্যমে প্রকাশের শিক্ষা দিয়েছে। সেই সুন্নতগুলোর অন্যতম হলো আকিকা। তবে নানা কারণে অনেক পরিবার সন্তানের জন্মের সপ্তম দিনে আকিকা করতে পারেন না। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—নির্ধারিত সময় পার হয়ে গেলে কি আকিকা করার সুযোগ থাকে? আলেমদের মতে, শরিয়তের দৃষ্টিতে সপ্তম দিন সর্বোত্তম হলেও পরবর্তী সময়ে সামর্থ্য অনুযায়ী আকিকা করা বৈধ এবং এর মাধ্যমে সুন্নত আদায় হয়ে যায়।
সপ্তম দিনই আকিকার সর্বোত্তম সময়
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
كُلُّ غُلَامٍ رَهِينٌ بِعَقِيقَتِهِ، تُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ، وَيُسَمَّى، وَيُحْلَقُ رَأْسُهُ
অর্থ: ‘প্রত্যেক শিশু তার আকিকার সঙ্গে দায়বদ্ধ থাকে। জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে, তার নাম রাখা হবে এবং মাথার চুল মুণ্ডন করা হবে।’ (তিরমিজি: ১৫২২, আবু দাউদ: ২৮৩৮)
আলেমরা বলেন, এ হাদিস আকিকার গুরুত্ব ও এর প্রতি ইসলামের উৎসাহ স্পষ্টভাবে তুলে ধরে। তাই বিশেষ কোনো ওজর না থাকলে জন্মের সপ্তম দিনেই আকিকা করা উত্তম।
সপ্তম দিনে না পারলে কী করবেন?
অনেকের ধারণা, সপ্তম দিনে আকিকা করতে না পারলে পরে আর তা আদায় করা যায় না। তবে আলেমদের মতে, এ ধারণা সঠিক নয়।
উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত—
تُذْبَحُ الْعَقِيقَةُ يَوْمَ السَّابِعِ، فَإِنْ لَمْ يَكُنْ فَفِي أَرْبَعَ عَشْرَةَ، فَإِنْ لَمْ يَكُنْ فَفِي إِحْدَى وَعِشْرِينَ
অর্থ: ‘সপ্তম দিনে আকিকা করবে। সপ্তম দিনে সম্ভব না হলে চতুর্দশ দিনে করবে। তাও সম্ভব না হলে একুশতম দিনে করবে।’ (মুস্তাদরাকে হাকেম: ৭৬৬৯)
ফকিহদের মতে, এসব সময়ও অতিক্রম হয়ে গেলে পরবর্তী যেকোনো দিন আকিকা করা বৈধ। ফলে সন্তানের বয়স বেড়ে গেলেও সামর্থ্য থাকলে তার পক্ষ থেকে আকিকা করা যাবে।
সামর্থ্য না থাকলে কি গুনাহ হবে?
আর্থিক অসচ্ছলতার কারণে কেউ আকিকা করতে না পারলে তার কোনো গুনাহ হবে না। ইসলাম মানুষের সাধ্যের বাইরে দায়িত্ব আরোপ করে না।
আল্লাহ তাআলা ইরশাদ করেন—
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
অর্থ: ‘আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না।’ (সুরা আল-বাকারা: ২৮৬)
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন—
إِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ
অর্থ: ‘আমি যখন তোমাদের কোনো কাজের নির্দেশ দিই, তখন তোমরা সাধ্য অনুযায়ী তা পালন কর।’ (বুখারি: ৭২৮৮, মুসলিম: ১৩৩৭)
তাই সামর্থ্য না থাকলে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পরবর্তীতে আল্লাহ তাআলা সামর্থ্য দিলে আকিকা করে নেওয়াই উত্তম।
ছেলের জন্য কয়টি পশু?
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ، فَلْيَفْعَلْ، عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافِئَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ
অর্থ: ‘যার সন্তান জন্মগ্রহণ করে এবং সে যদি তার পক্ষ থেকে আকিকা করতে চায়, তবে সে যেন তা করে। ছেলের জন্য সমমানের দুটি ছাগল এবং মেয়ের জন্য একটি ছাগল।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৭৯৬১, আবু দাউদ: ২৮৪২)
তবে অনেক আলেমের মতে, বিশেষ প্রয়োজন বা আর্থিক সামর্থ্য সীমিত থাকলে ছেলের পক্ষ থেকেও একটি পশু জবাই করলে আকিকার মূল সুন্নত আদায় হয়ে যায়।
কুরবানির সঙ্গে আকিকা করা যাবে?
অনেক সময় আলাদাভাবে আকিকার জন্য পশু জবাই করা সম্ভব হয় না। হানাফি মাজহাবের ফকিহদের মতে, সে ক্ষেত্রে কুরবানির গরুর নির্ধারিত অংশে আকিকার নিয়ত করলেও আকিকা আদায় হয়ে যায়। তবে সামর্থ্য থাকলে আকিকার জন্য পৃথক পশু জবাই করাই অধিক উত্তম ও ফজিলতপূর্ণ।
আকিকার গুরুত্ব
আকিকা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি সন্তানের জন্ম উপলক্ষে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। একই সঙ্গে এটি রাসুলুল্লাহ (সা.)-এর অনুসৃত একটি বরকতময় আমল, যা সুন্নতের প্রতি একজন মুসলমানের ভালোবাসা ও আনুগত্যের বহিঃপ্রকাশ।
তাই নির্ধারিত সময়ে আকিকা করা সম্ভব না হলেও হতাশ হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা সামর্থ্য দান করলে সুবিধাজনক সময়ে এই সুন্নত আদায় করা যায়। শরিয়ত মানুষের বাস্তবতা ও সামর্থ্যকে গুরুত্ব দিয়েছে। জন্মের সপ্তম দিন সর্বোত্তম হলেও সময় অতিক্রম হয়ে গেলে আকিকার সুযোগ শেষ হয়ে যায় না। সামর্থ্য অনুযায়ী পরে আকিকা করলেও সুন্নত আদায় হবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন এবং আমাদের সন্তানদের নেককার, দ্বীনদার ও উত্তম চরিত্রের অধিকারী বানান। আমিন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)