ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
পাতারটেকে সাত হত্যা: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের পাতারটেকে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন।
রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ আবেদন করা হয়।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ, সহিদুল ইসলাম সরদার, আবদুস সাত্তার পালোয়ান, মামুনুর রশিদ ও মার্জিনা রায়হান।
শুনানিতে অভিযোগের বিস্তারিত তুলে ধরে গাজী এমএইচ তামিম বলেন, শেখ হাসিনার সরকারের আমলে দেশজুড়ে একই পদ্ধতিতে অপরাধ সংঘটিত হতো। তাঁর দাবি, ভিন্ন দলমত বা ইসলামী মতাদর্শ নির্মূল করতে গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো কর্মকাণ্ডের মাধ্যমে একটি ভীতিকর সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল। সে সময় এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে কিছু লেখা ছিল প্রায় অসম্ভব। কারও বিরুদ্ধে কথা বললেই বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালায় গুম করে রাখা হতো।
গুমের শিকার পরিবারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অনেক পরিবারকে বাধ্য হয়ে বলতে হতো, ‘আমার ছেলেকে জেলে দিন, তবু ক্রসফায়ারে দেবেন না’। এরপরও অনেককে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে তাদের মরদেহ নদীনালা বা সড়কের পাশে ফেলে রাখা হতো। পাশাপাশি আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা নিয়মিত ‘জঙ্গি’ প্রসঙ্গ তুলে বক্তব্য দিতেন এবং বিশ্বকে বোঝাতে চাইতেন যে দেশে জঙ্গি তৎপরতা ব্যাপক। অথচ এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন সময়ে প্রতিবেদনে উল্লেখ করেছে বলে শুনানিতে দাবি করেন তিনি।
পাতারটেকে সংঘটিত হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রসিকিউটর বলেন, এ ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে সাতজনকে তুলে নিয়ে বগুড়ায় পুলিশের একটি গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। পরে ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় সোলায়মান সরকারের বাড়িতে তাদের নিয়ে যাওয়া হয়। এরপর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর নেতৃত্বে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সোয়াত সদস্যরা সাতজনকে গুলি করে হত্যা করেন। ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন শরতের তুফান’।
প্রসিকিউশন আরও জানায়, হত্যাকাণ্ডের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষান্ত হয়নি। সাতজনের মরদেহ নিতে এলে পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন। এ কারণে স্বজনেরা মরদেহ নিতে সাহস পাননি। নিহতদের মধ্যে চারজনের পরিচয় এখনো অজানা। অন্য তিনজন হলেন মো. ইবরাহীম, ফরিদুল ইসলাম আকাশ ও সাইফুর রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন ইবরাহীমের বাবা।
শুনানিতে প্রসিকিউটর তামিম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বলপূর্বক গুমের মাধ্যমে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে। এ সময় তিনি মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানান।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানির জন্য সময় চান। আইনজীবী সিফাত মাহমুদ শুভ আদালতকে জানান, প্রসিকিউশনের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দেরিতে পাওয়ায় প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। প্রসিকিউশন এ আবেদনে আপত্তি না জানালে ট্রাইব্যুনাল আগামী ১০ আগস্ট আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন-তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, তৎকালীন এসবি প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার আসাদুজ্জামান মিয়া, তৎকালীন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন পুলিশ সুপার আসাদুজ্জামান, গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, বগুড়ার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এবং তৎকালীন সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার, সোয়াট) এসএম জাহাঙ্গীর হাছান।
বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন একেএম শহীদুল হক ও আসাদুজ্জামান মিয়া। রোববার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)