ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
যেকোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: বঙ্গভবনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির দপ্তর বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো সময় পদত্যাগ করতে পারেন বলে বঙ্গভবনের একটি সূত্র দাবি করেছে। ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, শারীরিক জটিলতার কারণে তিনি নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারেরও এ বিষয়ে ইতিবাচক অবস্থান রয়েছে বলে সূত্রটি আভাস দিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। সে সময় তার পদত্যাগের দাবিতে আন্দোলন হলেও সাংবিধানিক ধারাবাহিকতার কথা উল্লেখ করে বিএনপি সে দাবির বিরোধিতা করেছিল। পরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া বিএনপি সরকারের আমলেও তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন।
বঙ্গভবনের এক কর্মকর্তার দাবি, রাষ্ট্রপতি সম্প্রতি দুই দফায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এমআরআইসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তিনি নিউরোসংক্রান্ত জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার বিষয়ও বিবেচনায় রয়েছে। ওই কর্মকর্তা বলেন, চলতি মাসের যেকোনো সময় রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন।
রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রের দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পদত্যাগের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছিলেন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও সূত্রটির দাবি। যদিও এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্র জমা দিতে পারবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।
তথ্য অধিদপ্তরের জীবনবৃত্তান্ত অনুযায়ী, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি জেলা ও দায়রা জজ, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং বিচার বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)