ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
পে স্কেল নিয়ে সচিবালয়ে আলোচনা, যেসব সিদ্ধান্ত হলো
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে সচিব কমিটি আলোচনা চালালেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। তবে চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন বেতনকাঠামো কার্যকর করার সিদ্ধান্তে সরকার অটল রয়েছে। আলোচনায় মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিষয়টি এসেছে। তবে বেতন ও বিভিন্ন ভাতা একসঙ্গে কার্যকর হবে, নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আগামী আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ লক্ষ্যে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পে স্কেল পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ এবং আগের বেতনকাঠামোর বিভিন্ন ত্রুটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। সচিব কমিটি আরও দুই থেকে তিন দিন কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করবে। এরপর চলতি মাসের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। সেখানে বাস্তবায়নের ধাপসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে আইনি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশ করা হবে।
এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, নতুন অর্থবছর থেকেই সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে। সে সময় ১ জুলাই থেকে ধাপে ধাপে এটি কার্যকরের কথাও উল্লেখ করা হয়।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, শুরুতে নতুন পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। পরে তা দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব আসে। তবে সর্বশেষ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব মন্ত্রিসভার ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে এর চেয়ে আরও অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। সেই অর্থের সংস্থান কীভাবে করা হবে, সে বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচিব কমিটির সদস্যরা।
বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। তাই নতুন পে স্কেলে যেন কোনো কর্মকর্তা বা কর্মচারী বঞ্চিত বা অসন্তুষ্ট না হন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আরও দুই থেকে তিনটি সভা হতে পারে। এরপর আগস্টের শুরুতে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে। বাড়তি বেতন-ভাতা বাস্তবায়নের সঙ্গে সরকারের বড় অঙ্কের আর্থিক ব্যয়ের বিষয়টি জড়িত। তাই পে স্কেল কত ধাপে কার্যকর হবে, সে বিষয়ে সচিব কমিটি কোনো মতামত দেবে না; চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
নতুন বেতনকাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাবও রয়েছে। এসব সুবিধা কার্যকর করতে একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করতে হবে।
অর্থ বিভাগ সূত্রে আরও জানা গেছে, বুধবারের বৈঠকের পর নতুন পে স্কেল বাস্তবায়নসংক্রান্ত এসআরও ও প্রয়োজনীয় বিধিবিধানের খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে আগের পে স্কেলের তুলনামূলক চিত্রও প্রস্তুত করতে বলা হয়েছে। কমিটির নির্দেশনা অনুযায়ী অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কাজ এগিয়ে নিচ্ছেন।
এদিকে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে সরকার অনড়। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তার ভাষায়, "পে স্কেলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি বাস্তবায়ন করা হবে। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি ও কঠিন সময় বিবেচনায় নিয়ে তা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত