ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
তিস্তা মহাপরিকল্পনায় দ্রুত জরিপ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তিস্তা মহাপরিকল্পনার কাজ এগিয়ে নিতে খুব দ্রুত সম্ভাব্যতা জরিপ (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
চীনে সরকারি সফর শেষে বেইজিং ত্যাগের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সফরের বিভিন্ন দিক তুলে ধরে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘তিস্তায় একটা ফিজিবিলিটি স্টাডির ব্যাপারে চীন সম্মত হয়েছে। আমরা যৌথভাবে স্টাডিটা কমপ্লিট করব।’
তিনি জানান, সামগ্রিক নদী ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের অন্যান্য নদীর উন্নয়নেও চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। যেসব নদীর সঙ্গে চীনের সম্পৃক্ততা রয়েছে, সেগুলোকেও পরিকল্পনার আওতায় আনা হবে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তিস্তার ব্যাপারে আমাদেরকে চীন যে সহযোগিতা দেবে, এর ভিত্তিতে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেব। খুব শীঘ্রই তিস্তার যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। সেটার জন্য ইনশাআল্লাহ এই বাজেটেই যেন আমরা কাজ করতে পারি, সেদিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি।’
চীনের পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তিস্তার ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী কয়েকবার আলোচনা করেছেন। ইভেন চীনের প্রেসিডেন্টের সামনে, চীনের প্রধানমন্ত্রীর সামনে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘চীনের সাইডে সেখানকার ওয়াটার রিসোর্স মিনিস্টারসহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অন্যান্য মন্ত্রী এবং উপদেষ্টামণ্ডলী ছিলেন। সেখানে ডেলিগেটস যারা ছিলেন, সবার মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়েছে যে, তিস্তার জন্য আমাদের যে দীর্ঘদিনের অপেক্ষা-চাওয়া, তিস্তা অববাহিকায় যেখানে আমাদের হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে, সেখান থেকে উত্তরণে একটি বাস্তব পদক্ষেপ নেওয়া খুব জরুরি। এ জন্য একটি টেকনিক্যাল অ্যাসিস্টেন্স প্রয়োজন। সেখানে একটি ফিজিবিলিটি স্টাডির ব্যাপারে তারা (চীন) সম্মত হয়েছে।’
চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের একটি দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এই সম্পর্ক স্থাপিত হয়েছিল। তিনি তার জীবদ্দশায় দুইবার চীন সফর করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাতবার চীন সফর করেন। এর মধ্য দিয়ে সম্পর্ক আরও গভীর হয়। ফলে চীনের সঙ্গে বাংলাদেশের যে ধারাবাহিক উন্নত সম্পর্ক, তারা সেটি অনুভব করে এবং আমরাও সেটিকে অত্যন্ত সম্মান করি।’
সরকারি সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন সফর করেন। চীনে চার দিনের সফরের মধ্যে দুই দিন তিনি দালিয়ান নগরীতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। পরে বুধবার বিকেলে তিনি রাজধানী বেইজিংয়ে যান।
বেইজিং সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করেন। এ ছাড়া চীনের পানিসম্পদ মন্ত্রী লি গোওইংও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
সফরের সময় প্রধানমন্ত্রী ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করেন। এসব বৈঠক চীনের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ