ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বিশ্বের শীর্ষ প্রযুক্তি সম্মেলনে নেতৃত্ব দেবেন ঢাবির অধ্যাপক হাসান বাবু

২০২৬ জুন ২৮ ১৮:৪৪:১১

বিশ্বের শীর্ষ প্রযুক্তি সম্মেলনে নেতৃত্ব দেবেন ঢাবির অধ্যাপক হাসান বাবু

নিজস্ব প্রতিবেদক: স্মার্টফোন, ল্যাপটপ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-আধুনিক প্রযুক্তির এসব উদ্ভাবনের মূল ভিত্তি সেমিকন্ডাক্টর বা চিপ প্রযুক্তি। আর এই প্রযুক্তির নকশা ও সিস্টেম উন্নয়ন নিয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক আয়োজন ‘ডিজাইন অটোমেশন কনফারেন্স’ (ডিএসি)। এবারের সম্মেলনে অত্যাধুনিক ‘কোয়ান্টাম কম্পিউটিং’ ট্র্যাকের সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচে শুরু হবে ৬৩তম ডিজাইন অটোমেশন কনফারেন্স। ২৯ জুলাই পর্যন্ত চলা এই আন্তর্জাতিক সম্মেলনে অধ্যাপক হাসান বাবুর নেতৃত্বকে শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

১৯৬৪ সালে যাত্রা শুরু করা এই সম্মেলনকে চিপ ডিজাইন ও ইলেকট্রনিক সিস্টেম প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। এখানে ইন্টেল, গুগল, মাইক্রোসফটসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অংশ নিয়ে ভবিষ্যৎ প্রযুক্তির দিকনির্দেশনা নির্ধারণ করেন। সেই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কোয়ান্টাম কম্পিউটিং।

প্রচলিত কম্পিউটার যেখানে ‘০’ ও ‘১’ বিটের ওপর নির্ভর করে কাজ করে, সেখানে কোয়ান্টাম কম্পিউটার ‘কিউবিট’ (Qubit) ব্যবহার করে, যা একই সঙ্গে একাধিক অবস্থায় থাকতে পারে। ফলে অত্যন্ত জটিল গণনাও স্বল্প সময়ে সম্পন্ন করা সম্ভব হয়। ওষুধ আবিষ্কার, সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মহাকাশ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তিকে ভবিষ্যতের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ট্র্যাকেই বিশ্বের শীর্ষ গবেষণাগুলোর মূল্যায়ন ও বৈজ্ঞানিক আলোচনা পরিচালনার দায়িত্ব পেয়েছেন অধ্যাপক হাসান বাবু।

জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি সম্পন্ন করা অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং রোবোটিক্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোয়ান্টাম কম্পিউটিং, রিভার্সিবল লজিক সিন্থেসিস এবং ভিএলএসআই ডিজাইন বিষয়ে তার গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি পেয়েছে। গবেষণায় অবদানের জন্য তিনি ২০১৭ সালে ‘ইউজিসি গোল্ড মেডেল’ লাভ করেন।

তাত্ত্বিক গবেষণার পাশাপাশি কোয়ান্টাম প্রযুক্তির সঙ্গে মলিকুলার বায়োলজি ও চিকিৎসাবিজ্ঞানের সমন্বয় ঘটিয়েও কাজ করছেন তিনি। তার গবেষণার একটি উল্লেখযোগ্য দিক হলো ‘কোয়ান্টাম-ক্লাসিক্যাল হাইব্রিড পদ্ধতি’ ব্যবহার করে রক্তের ক্যান্সার (লিউকেমিয়া) শনাক্তকরণ।

প্রচলিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের সঙ্গে কোয়ান্টাম অ্যালগরিদমের সমন্বয়ে তিনি এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা রক্ত পরীক্ষার ছবি বা বায়োপসি ডেটা দ্রুত ও অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করতে সক্ষম। ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে এই প্রযুক্তি চিকিৎসকদের সহায়তা করতে পারে বলে আশা করা হচ্ছে।

অধ্যাপক হাসান বাবুর এই আন্তর্জাতিক দায়িত্ব বাংলাদেশের প্রযুক্তি গবেষণার জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠান ও গবেষকদের সঙ্গে সরাসরি কাজের সুযোগ ভবিষ্যতে আন্তর্জাতিক বিনিয়োগ এবং যৌথ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কোয়ান্টাম প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর গবেষণার মতো অগ্রসর ক্ষেত্রে বাংলাদেশের এই উপস্থিতি দেশের তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুন)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুন)

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার দেশের স্বর্ণবাজারেও পড়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের... বিস্তারিত