ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত 

২০২৬ জুন ২২ ১১:৩২:১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত এ বৈঠককে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ার পারদানা পুত্রা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয়। পরে দুই দেশের সরকারপ্রধান একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের একটি বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার। আমাদের বন্ধুত্ব পারস্পরিক আস্থা, মূল্যবোধ ও শক্তিশালী জনগণের সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে।

তিনি উল্লেখ করেন, ১৯৭৯ সালে তাঁর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মালয়েশিয়া সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জোরদার করে এবং শ্রম সহযোগিতার ভিত্তি স্থাপন করে। ১৯৯৩ সালে তাঁর মাতা বেগম খালেদা জিয়ার সফর বন্ধুত্বকে আরও গভীর করে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারিত করে।

মুক্তবাণিজ্যচুক্তির ইঙ্গিত ও বিনিয়োগের আহ্বান

বৈঠকে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি এবং ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি’ সংক্রান্ত আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সহমত প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং একটি ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের আইসিটি, জ্বালানি, অবকাঠামো, সেমিকন্ডাক্টর ও ডিজিটাল অর্থনীতির মতো উচ্চ-মূল্যের খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।

মালয়েশিয়ারশ্রমবাজার উন্মুক্তকরণের অনুরোধ

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে দ্রুততম সময়ের মধ্যে বন্ধ থাকা শ্রমবাজার উন্মুক্ত করার এবং আরও বেশি কর্মী নিয়োগের অনুরোধ জানান। একই সঙ্গে তিনি সেখানে থাকা অনিয়মিত কর্মীদের নিয়মিত করা এবং ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কীভাবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী খরচে কর্মী পাঠানো যায়, সে ব্যাপারে দুই দেশ একমত হয়েছে।

আঞ্চলিকরাজনীতি ও আসিয়ানে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকায় মালয়েশিয়াকে ধন্যবাদ জানিয়ে তাঁদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে দেশটির ধারাবাহিক সহযোগিতা কামনা করা হয়। এ ছাড়া বাংলাদেশ আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হতে এবং আঞ্চলিক বাণিজ্য জোট (আরসিইপি)-এ যোগ দিতে মালয়েশিয়ার সক্রিয় সমর্থন চেয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর ও বিনিময় হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব উদ্যোগ দুই দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দ্বিপাক্ষিক এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান, মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব দাতো’ শাহরোল আনুয়ার বিন সারমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল তান শ্রী আমরান মোহাম্মদ জিন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের স্বর্ণের দাম বাড়ল (২২ জুন)

ফের স্বর্ণের দাম বাড়ল (২২ জুন)

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা মূল্য হ্রাসের পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত