ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
এই বাজেটে সব মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের ভিত্তিতে তৈরি এই জনবান্ধব, জনকল্যাণমুখী ও ভিশনারি বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো উচিত। তার ভাষায়, বহু বছর পর জনগণের ভোটে নির্বাচিত সরকার একটি পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করেছে, যেখানে দেশের সব শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র একই সঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
মাহদী আমিন তার প্রতিক্রিয়ায় জানান, বাজেটে অর্থনীতিকে গণতান্ত্রিক ভিত্তিতে গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ক্রিয়েটিভ ইকোনমি, বিনিয়োগ, কৃষি ও খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু কল্যাণ, যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এই ১২টি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাল, ডাল, মাছ, মাংস, চিনি, লবণ, তেল, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের ওপর কর কমানো হয়েছে। এর উদ্দেশ্য হলো বাজারে দামের চাপ কমিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা। অতীতে বাজেট ঘোষণার পর অনেক সময় নিত্যপণ্যের দাম বেড়ে যেত, তবে এবারের বাজেটে সেই সমস্যা সমাধানের প্রত্যাশা করা হচ্ছে।
শিক্ষা খাতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সমতা ও সার্বজনীন সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি হার্ট, কিডনি, চোখসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা সহজলভ্য করার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কৃষকদের জন্য সার, বীজ, সেচ, কীটনাশক ও কৃষি বীমা সহজ করা হয়েছে এবং টেকসই জ্বালানির জন্য সৌর ও নবায়নযোগ্য খাতে বিশেষ সহায়তা ও প্রণোদনা রাখা হয়েছে।
বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান এবং কর্মসংস্থাননির্ভর প্রবৃদ্ধি নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। তরুণ ও নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কনটেন্ট ক্রিয়েশনসহ প্রযুক্তিনির্ভর খাতে সহায়তা বাড়ানো হয়েছে। পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাতগুলোকে চিহ্নিত করে বন্ডেড সুবিধা বৃদ্ধি এবং ব্যবসা শুরু ও সম্প্রসারণ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই বাজেট কেবল রাজধানীকেন্দ্রিক উন্নয়নের নয়, বরং তৃণমূল পর্যায় পর্যন্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে তৈরি করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিও বাজেটে অগ্রাধিকার পেয়েছে। ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি গ্রাহক সুরক্ষা ও ঋণ প্রদানে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিশেষে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং উন্নয়ন কার্যক্রম নতুন উচ্চতায় পৌঁছাবে। তার মতে, সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে বাংলাদেশ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
- ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- বিশ্বকাপ জিতবে স্পেন নাকি আর্জেন্টিনা? জানাল এআই
- কেন নকল ট্রফি দেওয়া হয় বিশ্বকাপ চ্যাম্পিয়নকে?
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি