ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
টিআইবির রিপোর্ট নিয়ে প্রশ্ন, জবাবে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের প্রথম ১০০ দিনের অপরাধ পরিস্থিতি নিয়ে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার মতে, প্রতিবেদনে ব্যবহৃত তথ্য মূলত সংবাদপত্রের প্রকাশিত প্রতিবেদনের ওপর নির্ভরশীল হওয়ায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল, দৌলতদিয়া ঘাটে দায়িত্বশীল ও পেশাদার আচরণের মাধ্যমে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটন ও আসামি গ্রেপ্তারে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়। মোট ১৫ জন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। প্রত্যেকে ২০ হাজার টাকা করে পুরস্কার পেয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ নীতিতে বিশ্বাস করে এবং সেই নীতিই বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি মনে করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করা পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এতে তারা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।
তিনি আরও বলেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের হার কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সম্পর্কে চূড়ান্ত মূল্যায়ন জনগণই করবে। তবে বাহিনীর সদস্যদের নৈতিকভাবে উৎসাহ দেওয়া জরুরি, যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, টিআইবি কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। প্রকৃত অপরাধ পরিস্থিতি জানতে হলে পুলিশ বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ওপর নির্ভর করা উচিত। জেলা পর্যায় থেকে সংগ্রহ করা তথ্যই বাস্তব পরিস্থিতির সঠিক প্রতিফলন ঘটায় বলে তিনি মন্তব্য করেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে মার্চ ও এপ্রিল মাসে দেশের অপরাধ ও মানবাধিকার পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, টিআইবির রিপোর্ট মূলত পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়। সংস্থাটি নিজস্বভাবে কোনো ঘটনার তদন্ত করে না। প্রকৃত ঘটনা যাচাই ছাড়া এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা ঠিক নয় বলেও তিনি মনে করেন। তবে সংবাদমাধ্যমের স্বাধীনতা রয়েছে এবং প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট দপ্তরে যাচাইয়ের জন্য পাঠানো হয়।
এদিকে একটি মামলার তদন্তে পুলিশ কর্মকর্তারা ছয় হাজার টাকা পান, এই অর্থ যথেষ্ট কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় এই অর্থ পর্যাপ্ত নয়। দেশের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হয়। ভবিষ্যতে তদন্ত খাতে আর্থিক বরাদ্দ বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি