ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
শেয়ারবাজারের ছয় মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিলের পথে
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কার্যক্রম পরিচালনাকারী ছয়টি মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ বাতিলের প্রাথমিক ধাপ হিসেবে বিশেষ তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। দীর্ঘদিন ধরে নিয়ম-কানুন পরিপালনে ব্যর্থ এবং কার্যত অকার্যকর হয়ে পড়া এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপের লক্ষ্য হলো শেয়ারবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন অভিযোগ জমা পড়ার পরিপ্রেক্ষিতেই কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
তদন্তের আওতায় থাকা মার্চেন্ট ব্যাংকগুলো হলো—এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড, হাল ক্যাপিটাল লিমিটেড, রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড, এনডিবি ক্যাপিটাল লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
কমিশন সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানের অনেকেই নিবন্ধন বজায় রাখার জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা ও আইনি শর্ত পূরণ করতে পারছে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রম বিশদভাবে যাচাই করতে দুই সদস্যবিশিষ্ট পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মার্কেট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন বিভাগ থেকে অভিযোগ উপস্থাপনের পর কমিশন এ তদন্তের সিদ্ধান্ত নেয়। গঠিত কমিটিগুলো সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংকের আর্থিক সক্ষমতা, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও আইনগত পরিপালন বিশ্লেষণ করবে।
তদন্তে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দক্ষতা, মার্জিন রুলস অনুসরণ, ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহারে কোনো অনিয়ম বা কারসাজি হয়েছে কি না—এসব বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে।
দায়িত্ব বণ্টন অনুযায়ী, এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্টের তদন্ত করবেন যুগ্ম পরিচালক অনু দে ও উপপরিচালক সিরাজুল ইসলাম। রুটস ইনভেস্টমেন্টের কার্যক্রম পর্যালোচনা করবেন অতিরিক্ত পরিচালক রাকিবুর রহমান ও সহকারী পরিচালক বিভাষ ঘোষ। হাল ক্যাপিটালের তদন্তে থাকবেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম।
রিভারস্টোন ক্যাপিটালের তদন্তে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক ও সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ। এনডিবি ক্যাপিটালের ক্ষেত্রে অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক মিজানুর রহমান দায়িত্ব পালন করবেন। ইম্পেরিয়াল ক্যাপিটালের তদন্তে নিয়োজিত হয়েছেন উপপরিচালক এস এম আহসানুল কবির ও সহকারী পরিচালক মোসা. শাকিলা সুলতানা।
সূত্র জানিয়েছে, এবারের তদন্তে শুধু নথিপত্র যাচাইয়ে সীমাবদ্ধ থাকা হবে না; বরং প্রতিষ্ঠানের সামগ্রিক সক্ষমতা, আচরণবিধি মানার প্রবণতা এবং পরিচালন কাঠামোর কার্যকারিতা গভীরভাবে বিশ্লেষণ করা হবে। তদন্তের মূল উদ্দেশ্য হচ্ছে—নিবন্ধন সনদ বাতিলের যৌক্তিকতা যাচাই করা।
এছাড়া ব্যাক অফিস সফটওয়্যার সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, গ্রাহকের তথ্য নিরাপদ আছে কি না এবং বিনিয়োগে মার্জিন রুলস যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হবে। পাশাপাশি পরিচালনা পর্ষদের সভা নিয়মিত হচ্ছে কি না এবং কমিশন নির্ধারিত ফি পরিশোধ করা হয়েছে কি না, সেটিও যাচাইয়ের আওতায় থাকবে।
সিকিউরিটিজ আইনে বর্ণিত আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া গেলে তদন্ত কমিটি লাইসেন্স বাতিলের সুপারিশ করবে। প্রয়োজনে তদন্তের পরিধি ও তথ্য সংগ্রহের ক্ষেত্রও বাড়াতে পারবে কমিশন।
নিয়ন্ত্রক সংস্থার মতে, এই উদ্যোগের মাধ্যমে দায়সারাভাবে কার্যক্রম পরিচালনাকারী মার্চেন্ট ব্যাংকগুলোর ওপর চাপ সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে নিয়ম ভঙ্গ করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে শেয়ারবাজারে স্বচ্ছতা বাড়বে।
তদন্তে গুরুতর অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, মার্চেন্ট ব্যাংক শেয়ারবাজারের একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, যা কোম্পানি ও বিনিয়োগকারীর মধ্যে সংযোগ স্থাপন করে। নতুন কোম্পানিকে বাজারে তালিকাভুক্ত করা, পুঁজি সংগ্রহে সহায়তা, বিনিয়োগ পরামর্শ প্রদান, আইপিও পরিচালনা, আন্ডাররাইটিং ও করপোরেট সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। বর্তমানে শেয়ারবাজারে মোট ৬৬টি মার্চেন্ট ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- লন্ডনে বৈশাখী উৎসব ঘিরে ঢাবি অ্যালামনাই ইউকে’র নতুন যাত্রা
- বর্ণাঢ্য আয়োজনে ঢাবি অ্যালামনাই ইউকের বর্ষবরণ ও বার্ষিক সভা অনুষ্ঠিত