ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
রবি আজিয়াটার বিরুদ্ধে বিএসইসির আনুষ্ঠানিক তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, সুশাসনের অভাব এবং তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মার্চ মাসের শেষ সপ্তাহে কমিশন এই তদন্তের সিদ্ধান্ত নেয়।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি মূলত ২০২১ ও ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন, সিকিউরিটিজ আইনের পরিপালন, করপোরেট সুশাসন এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে কি না—তা গভীরভাবে পরীক্ষা করবে। তিন সদস্যের এই কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের অন্যতম প্রধান দিক হলো ‘অ্যাকাউন্টিং মাস্কিং’ বা হিসাব জালিয়াতির অভিযোগ। অভিযোগ রয়েছে যে, ২০২১ ও ২০২২ সালে রবির অপারেটিং খরচকে মূলধনী খরচ হিসেবে দেখানো হয়েছে। এই অনিয়মের মাধ্যমে কোম্পানির প্রকৃত আর্থিক চিত্র আড়াল করা হয়েছে কি না এবং এতে শীর্ষ ব্যবস্থাপনার (সিইও, সিএফও এবং অডিট কমিটি) কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখবে বিএসইসি।
তদন্তের আওতায় রবির সাবেক চেয়ারম্যান থায়াপারান এস সাঙ্গারা পিল্লাইয়ের দ্বৈত ভূমিকাও রয়েছে। তিনি একই সঙ্গে রবি এবং ইডটকো গ্রুপের উচ্চপদে আসীন ছিলেন। রবি ও ইডটকোর মধ্যে সম্পাদিত লিজ চুক্তি এবং অবকাঠামো শেয়ারিংয়ের ক্ষেত্রে কোনো বিশেষ পক্ষ লাভবান হয়েছে কি না, তা যাচাই করা হবে।
এছাড়া স্বতন্ত্র পরিচালক আখতার সানজিদা কাশেম এবং কামরান বকর বোর্ড সভায় ‘অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন। তাদের পদত্যাগের প্রকৃত কারণ এবং কোম্পানির অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতাও খতিয়ে দেখবে কমিশন।
এ বিষয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, আমরা প্রচলিত সকল আইন ও বিধিবিধান মেনে কার্যক্রম পরিচালনা করছি। নিয়ন্ত্রক সংস্থাকে তদন্ত কাজে আমরা প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা প্রদান করব।
তদন্তের খবরের প্রভাবে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবির শেয়ার দর ২.৪০ শতাংশ কমে ২৮.৫০ টাকায় নেমেছে।
উল্লেখ্য, ২০২৫ সালে রবি আজিয়াটা ৯৩৭ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে ৩৩.৩ শতাংশ বেশি। ভালো মুনাফার ওপর ভিত্তি করে কোম্পানিটি ১৭.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর সর্বোচ্চ।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: জেনে নিন কবে, কোথায় খেলা
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়া: কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু
- অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- অনলাইন ক্লাস ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে? যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ এপ্রিল)
- শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিকল্প পথ খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ এপ্রিল)