ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ব্রিজ ভেঙে নদে পড়ল শতাধিক মানুষ, নি/হত ৪ শিশু
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে জামালপুরের দেওয়ানগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। একটি ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে গেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই সহোদরসহ অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার ঠিক সামনে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ওই ভাসমান ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রাণ হারানো চার শিশু হলো— দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও তাঁর মেয়ে খাদিজা (১২), ডাকাতিয়া পাড়া এলাকার জয়নালের মেয়ে মায়ামনি (১০) এবং বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)। আপন দুই ভাই-বোনকে হারিয়ে শের আলীর পরিবারে এখন চলছে শোকের মাতম।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের বিকেলে দেওয়ানগঞ্জ এলাকার মানুষ ব্রহ্মপুত্র নদের পাড়ে ও ভাসমান ড্রাম ব্রিজে ভিড় করেন। দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ এই ব্রিজে আজ ধারণক্ষমতার কয়েক গুণ বেশি মানুষ ওঠায় সেটি হঠাৎ মাঝ বরাবর ভেঙে পড়ে।
মুহূর্তের মধ্যে ব্রিজে থাকা শতাধিক মানুষ গভীর নদে পড়ে যান। বড়রা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও অনেক শিশু পানির তোড়ে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর নিথর দেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে। ফায়ার সার্ভিসের টিম লিডার মুবিন খান জানিয়েছেন, আরও দুই শিশু নিখোঁজ থাকার দাবি করেছেন স্বজনরা। তাঁদের উদ্ধারে এখনও নদে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি বিপজ্জনক অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। উৎসবের দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা