ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ার কারসাজিতে জরিমানা ১৫০০ কোটি, আদায় মাত্র ৫ কোটি
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে দীর্ঘদিনের কারসাজি ও অনিয়ম দমনে গত দেড় বছরে নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে প্রভাবশালী বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার জরিমানা আরোপ করা হয়েছে। ১৯৯৩ সালে বিএসইসি প্রতিষ্ঠার পর থেকে এটিই শেয়ারবাজারে নেওয়া সবচেয়ে বড় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে জরিমানার অংক বড় হলেও আদায়ের বাস্তব চিত্র অত্যন্ত হতাশাজনক। এখন পর্যন্ত মোট জরিমানার মাত্র প্রায় ০.৩৫ শতাংশ অর্থাৎ প্রায় ৫ কোটি ২৩ লাখ টাকা আদায় করতে পেরেছে কমিশন। ফলে বাজারে প্রশ্ন উঠেছে— বড় অংকের জরিমানা ঘোষণা হলেও বাস্তবে তা আদায় না হলে সংস্কারের কার্যকারিতা কতটা নিশ্চিত হবে।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন বাজারে শৃঙ্খলা ফেরাতে এই কঠোর এনফোর্সমেন্ট কার্যক্রম শুরু করে। কমিশন গঠনের পর থেকেই পুরোনো বিভিন্ন কারসাজি ও অনিয়মের তদন্ত জোরদার করা হয় এবং দায়ীদের বিরুদ্ধে বড় অংকের আর্থিক জরিমানা আরোপ করা হয়।
জরিমানার তালিকায় সবচেয়ে বড় অংক আরোপ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো লিমিটেড এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর। এ ক্ষেত্রে মোট ৪২৮ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরু এবং তার সহযোগী ক্রিকেটার সাকিব আল হাসানসহ কয়েকজন বিনিয়োগকারীর বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগে মোট ১৯৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বিমা খাতের বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে সংঘটিত কারসাজির ঘটনাতেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্তত ৫০ জন বিনিয়োগকারীর বিরুদ্ধে মোট ৩৫১ কোটি টাকা জরিমানা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।
বিএসইসির তদন্তে উঠে এসেছে, বিভিন্ন সময়ে কর্ণফুলী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সোনালী পেপার, ফরচুন সুজ এবং জেমিনি সি ফুডসহ বেশ কয়েকটি কোম্পানির শেয়ার নিয়ে পরিকল্পিতভাবে কারসাজি করা হয়েছিল। সংশ্লিষ্টদের বিরুদ্ধে শেয়ার দামের অস্বাভাবিক ওঠানামা ঘটিয়ে কৃত্রিমভাবে বাজারে প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া যায়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগের কমিশনের সময় এসব অনিয়মের অনেক ঘটনাই যথাযথভাবে তদন্ত হয়নি বা গুরুত্ব পায়নি। তবে বর্তমান কমিশন পুরোনো এসব অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে, যা শেয়ারবাজারের ইতিহাসে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিএসইসির নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপের পর ৩০ কার্যদিবসের মধ্যে তা পরিশোধ করার বিধান রয়েছে। তবে দণ্ডপ্রাপ্তরা তিন মাসের মধ্যে রিভিউ এবং ছয় মাসের মধ্যে রিভিশনের আবেদন করতে পারেন। ফলে অনেক ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার কারণে জরিমানা আদায় বিলম্বিত হচ্ছে।
বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, কারসাজিকারীরা যাতে অবৈধভাবে কোনো মুনাফা করতে না পারে সেজন্য তাদের অর্জিত মুনাফার একটি বড় অংশ জরিমানা হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে অনেক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কমিশনের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করায় অর্থ আদায়ের প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।
এদিকে জরিমানা পরিশোধ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা বা বিতরণ না করার অভিযোগে আরও ২৮ কোটি ৮৭ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, শেয়ারবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর জরিমানা গুরুত্বপূর্ণ হলেও তার কার্যকর বাস্তবায়ন আরও বেশি জরুরি। সময়মতো জরিমানা আদায় না হলে বাজার সংস্কারের উদ্যোগ এবং নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে।
অনেকের মতে, জরিমানার পাশাপাশি দ্রুত বিচার এবং অর্থ আদায়ের কার্যকর প্রক্রিয়া নিশ্চিত করা গেলে তা ভবিষ্যতে কারসাজি প্রতিরোধে বড় ধরনের বার্তা হিসেবে কাজ করবে এবং বাজারে আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?