ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
'যে অর্থ কেউ দিতে চায় না বা জোর করে আদায় করা হয় সেটাই চাঁদা'
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহনে নেওয়া অর্থ সবসময় চাঁদা হিসেবে গণ্য করা যায় না—এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম। তাঁর মতে, কোনো অর্থ যদি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়, সেটিকে চাঁদা বলা ঠিক নয়; বরং কাউকে বাধ্য করে আদায় করা অর্থই প্রকৃত চাঁদা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজের দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সড়কে পরিবহন খাতে যে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়, সেটাকে তিনি সরাসরি চাঁদা হিসেবে দেখেন না। মালিক ও শ্রমিক সংগঠনগুলো নিজেদের কল্যাণ তহবিলের জন্য এই অর্থ সংগ্রহ করে থাকে, যা অনেক ক্ষেত্রে অলিখিত নিয়মের মতো চলে আসছে। তাঁর ভাষায়, “যে অর্থ কেউ দিতে চায় না বা জোর করে আদায় করা হয়—সেটাই চাঁদা।”
তিনি বলেন, মালিক সমিতি নির্ধারিত হারে টাকা সংগ্রহ করে সদস্যদের কল্যাণে ব্যয় করতে চায়। যদিও সেই অর্থের ব্যবহার নিয়ে বিতর্ক থাকতে পারে, তবুও অধিকাংশ ক্ষেত্রে এটি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই হয়ে থাকে।
শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনও একইভাবে সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করে বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে রাজনৈতিক প্রভাব বা ক্ষমতাসীন দলের সংশ্লিষ্ট সংগঠনের প্রভাব অনেক সময় সেখানে দেখা যায়। তারপরও এটিকে সরাসরি চাঁদা হিসেবে দেখার সুযোগ কম বলেই মনে করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন স্থানে বাইরে থেকে চাপ প্রয়োগ করে কেউ অর্থ আদায় বা সুবিধা নেওয়ার সুযোগ পাবে না। তবে মালিকপক্ষ নিজেদের মধ্যে কোনো ব্যবস্থা নিলে সরকার তা পর্যবেক্ষণ করবে—সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কি না কিংবা অর্থের অপব্যবহার হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।
যানজট প্রসঙ্গে তিনি বলেন, দেশের অনেক মহাসড়কের ওপর অনিয়ন্ত্রিতভাবে বাজার বসে যাওয়ায় যানজট বাড়ছে। এসব কার্যক্রমকে নিয়মের মধ্যে এনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিয়ে মন্ত্রী বলেন, ছুটি কম হলে চাপ বেড়ে যায় এবং যাত্রীদের ভোগান্তিও বাড়ে। গতবার দীর্ঘ ছুটির কারণে পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। এবারও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একই ধরনের ব্যবস্থাপনা অনুসরণ করা হবে এবং প্রয়োজনে নতুন পদক্ষেপও যোগ করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, যথাযথ পরিকল্পনার মাধ্যমে সবাইকে নিরাপদে বাড়ি পৌঁছাতে সরকার সক্ষম হবে। ছুটির সময়সীমা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আরও কয়েক দিনের মধ্যে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত