ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

মন্ত্রিসভার আকার ছোট হচ্ছে, দুই ডজনের তালিকায় বড় চমক

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১৯:১৬:১১

মন্ত্রিসভার আকার ছোট হচ্ছে, দুই ডজনের তালিকায় বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। এবার বিএনপির জন্য এটি বিশেষ, কারণ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাচ্ছেন। তার নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার।

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ ঘটনায় দেশের রাজনৈতিক মহলে নতুন মন্ত্রিসভার রূপরেখা নিয়ে কৌতূহল তুঙ্গে। প্রশ্ন উঠছে, কোন নেতারা মন্ত্রিসভায় স্থান পাবেন, এবং তরুণদের মধ্যে কারা দায়িত্বে থাকবেন।

এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভার বিস্তারিত ঘোষণা করেনি। তবে সূত্রে জানা গেছে, সরকারের আকার পূর্ববর্তী সরকারের তুলনায় কমিয়ে আনতে পারে দলটি। ৪৩টি বর্তমান মন্ত্রণালয়ের সংখ্যা ত্রিশের নিচে নামিয়ে কাজ, স্বচ্ছতা ও জবাবদিহিতা সহজ করার পরিকল্পনা আছে।

বিএনপির সিনিয়র নেতাদের মতে, নতুন মন্ত্রিসভা নবীন ও প্রবীণ নেতাদের মিশ্রণে গঠিত হবে। ভোটে জয়ী সমমনা অন্যান্য দলের নেতাদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। নারীদের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হচ্ছে।

গঠন প্রক্রিয়ার আলোচনায় রয়েছে ২০-২৫ জন পূর্ণমন্ত্রী। প্রবীণ নেতাদের মধ্যে আলোচনায় রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, মির্জা আব্বাস এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ আরও কয়েকজন।

নারীদের মধ্যে সেলিমা রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নাম আলোচনায় আছে। তরুণ নেতাদের মধ্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু ও ইশরাক হোসেনের নাম প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর সম্ভাব্য দায়িত্বে রয়েছে।

মিত্র দল থেকে নির্বাচিত কিছু নেতাও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এর মধ্যে ববি হাজ্জাজ (ঢাকা-১৩), শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১) এবং অন্যান্য নির্বাচিত নেতা রয়েছেন।

মন্ত্রিসভা থেকে বাদ পড়া প্রবীণ নেতাদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপদেষ্টার তালিকায় থাকতে পারেন। নতুন মন্ত্রিসভার চূড়ান্ত রূপ শপথ অনুষ্ঠানের দিনই জানা যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত