×

ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিকের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

২০২৬ নভেম্বর ০২ ১৫:৩২:২৮

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিকের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসীদের গুলিতে স্বামী নিহত হওয়ার পর অনিশ্চয়তায় পড়ে যায় খাদিজা আক্তারের সংসার। ছোট দুই শিশুর চোখে এখনো বাবাকে খোঁজার আকুতি। বাবার কাছ থেকে লজেন্স নেওয়ার আশায় বাড়ির এদিক-ওদিক ছুটে বেড়ায় তারা। কিন্তু তাদের বাবা যে আর বেঁচে নেই, তা যেন কিছুতেই মেনে নিতে পারছে না শিশুরা।

দুই সন্তানের ভরণপোষণ, সংসারের অন্যান্য খরচ এবং শাশুড়ির চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন খাদিজা। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের মৃত্যুর পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে পরিবারের ভবিষ্যৎ নিয়ে যখন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তখন পাশে দাঁড়ান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

দুই শিশুর ভবিষ্যতের কথা বিবেচনা করে সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাজধানীর বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে নার্স হিসেবে তাঁর চাকরির ব্যবস্থা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন খাদিজা।

চাকরিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার জানান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে তিনি দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আপাতত পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই থাকবেন।

খাদিজা আক্তার বলেন, ‘ডেপুটি স্পিকার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার স্বামী মৃত্যুর পরপরই নগদ এক লাখ টাকা ও পরিবারের সব সদস্যদের জন্য নতুন কাপড় পাঠিয়েছেন। এখন আমার সন্তানদের কথা ভেবে আমাকে চাকরি দিলেন। আমি গত বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছি। দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় এসেছি। আপাতত এখানেই থাকব। তিনি আমাদের সংসারে ঈশ্বরের দূত হিসেবে এলেন। আমরা ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞ।’

নতুন কর্মস্থলে যোগ দেওয়ার মধ্য দিয়ে খাদিজা আক্তারের কর্মজীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। নার্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের মৃত্যুর পর তাঁর পরিবারের জন্য খাদিজা আক্তারের এই কর্মসংস্থানের সুযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মাধ্যমে পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পেশাগত জীবন এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তাঁর।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত