×

ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মোতায়েন বিজিবি

২০২৬ নভেম্বর ০২ ১৫:১৭:০৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মোতায়েন বিজিবি

নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকদের বিক্ষোভ থামেনি। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অবরোধের কারণে মহাসড়কের ওইসব অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

এদিকে গাজীপুরের নাওজোর এলাকায় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই এলাকায় সংবাদ সংগ্রহের সময় সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা এবং তাঁদের ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

অন্যদিকে শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। দীর্ঘ সময় সেখানে অবস্থান করে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, মহাসড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সাংবাদিকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত