×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন শফিকুর রহমান

২০২৬ অক্টোবর ১৩ ১৮:৩৩:৩৪

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনাই দায়ী। এ ঘটনায় সরকারের দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াতের আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের দিয়ে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিয়ে যাচ্ছেন। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার। এ বিষয়ে সরকারের দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি আরও লেখেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রয়েছে, যা বিশ্ববাসীর সামনে তাদের ফ্যাসিস্ট চরিত্র তুলে ধরছে। পোস্টের শেষে তিনি ‘শেইম’ শব্দটি ব্যবহার করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জন এফ কেনেডি বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।

বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগও তোলেন। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা। পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত