×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে জবি ভিসির সাক্ষাৎ

২০২৬ সেপ্টেম্বর ২২ ০৯:৪২:০৮

রাষ্ট্রপতির সঙ্গে জবি ভিসির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের দিন নির্ধারিত হয়েছে আগামী বছরের ৩০ জানুয়ারি। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পূর্বনির্ধারিত এই তারিখেই সমাবর্তন আয়োজনের বিষয়টি সোমবার (২১ সেপ্টেম্বর) নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবর্তনের তারিখ এবং আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

সাক্ষাতে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সার্বিক বিষয় ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেখানে আগামী ৩০ জানুয়ারি সমাবর্তনের নির্ধারিত তারিখ আবারও নিশ্চিত করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

ইতোমধ্যে সমাবর্তনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন আয়োজনের মাধ্যমে তাঁদের সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের শিক্ষাজীবনের অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এ আয়োজনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার আরেকটি স্মরণীয় অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত