ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মেঘনা গ্রুপের গাড়িতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতার নামে মামলা
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াতকারী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে চাঁদা আদায়ের অভিযোগে মামলা হয়েছে। সোনারগাঁ থানায় করা এ মামলায় স্থানীয় বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুল জলিলসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকেও মামলায় আসামি করা হয়েছে।
গত বুধবার রাতে মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রশাসন বিভাগের ম্যানেজার মো. মনিরউদ্দীন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় আব্দুল জলিলের পাশাপাশি তাঁর সহযোগী ছোট ভাই আব্দুল লতিফ (৩০), সবুর খাঁন (৩০), আলমগীর হোসেন (৫০), মোরসালিন মিয়া (২৫), মনির হোসেন (২৩) ও আবুল খায়েরকে আসামি করা হয়েছে। আব্দুল জলিল পিরোজপুর ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক।
মামলার এজাহারে বলা হয়েছে, মেঘনা গ্রুপের সিরামিক ফ্রেশের ট্রাক ও কাভার্ডভ্যান থেকে আব্দুল জলিলের নেতৃত্বে প্রতিটি গাড়ির জন্য প্রতিদিন ১ হাজার ১০০ টাকা চাঁদা দাবি করা হতো। গত ১৪ সেপ্টেম্বর আষাঢ়িয়ার চর এলাকায় সিরামিক ফ্রেশের ট্রাকচালক মো. ফরিদ মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দা, কুড়াল, চাপাতি ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁকে ভয় দেখানো হয়। একপর্যায়ে ভয়ে তিনি ৫০০ টাকা চাঁদা দেন।
এজাহার অনুযায়ী, পরদিন সকালে ফরিদের কাছে আবারও চাঁদা দাবি করা হলে আগের দিন টাকা দেওয়ার বিষয়টি তিনি জানান। তখন তাঁর গাড়ির চাবি নিয়ে তাঁকে হয়রানি করা হয়। পরে আরও ৫০০ টাকা দেওয়ার পর চাবি ফেরত দেওয়া হয়। এ ঘটনা কাউকে জানালে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নদীপথে মেঘনা গ্রুপের জেটিতে নোঙর করা প্রতিটি জাহাজ থেকেও আব্দুল জলিলের নেতৃত্বে ২ হাজার থেকে ৩ হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।
মামলায় আরও বলা হয়েছে, মহাসড়কের পাশে আষাঢ়িয়ার চর এলাকায় একটি কথিত অফিসকে আব্দুল জলিলের ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করে চাঁদা আদায় করা হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেখানে চালক ও হেলপারদের আটকে মারধর করা হতো। একই সঙ্গে গাড়ির কাগজপত্র, মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, আব্দুল জলিল পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। চাঁদাবাজি, জমি দখল, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত ২২ আগস্ট তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আব্দুল জলিলকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। স্থানীয়রা জানান, বহিষ্কারের পরও বিভিন্ন দলীয় সভা ও সমাবেশে তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।
মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রশাসন বিভাগের ম্যানেজার মো. মনিরউদ্দীন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আব্দুল জলিলের নেতৃত্বে একটি গ্রুপ আষাঢ়িয়ার চর এলাকায় কোম্পানির গাড়ি আটকে চাঁদা আদায় করে আসছে। বিভিন্ন সময়ে চালকদের জিম্মি করে তাঁর টর্চার সেলে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখানো হয়। ভয়ে চালকেরা চাঁদা দিতে বাধ্য হন। পাশাপাশি কোম্পানির জেটিতে গিয়ে জাহাজ থেকেও চাঁদা নেওয়া হয়। তাঁর চাঁদাবাজিতে শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অতিষ্ঠ।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, চাঁদাবাজির অভিযোগে মামলা নেওয়া হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়