×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

চার দিনের সফরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১২:০২:১৮

চার দিনের সফরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে চার দিনের সফরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতেই দেশে ফেরার কথা রয়েছে।

আগে পরিকল্পনা ছিল সফরটি নয় দিনের হবে। তবে তা কমিয়ে চার দিন করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে যে নাগরিক সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, সেটি আর অনুষ্ঠিত হচ্ছে না।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। ২৫ সেপ্টেম্বর দেশের পথে রওনা হবেন।

‘গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচি না থাকলে নিউইয়র্কে বসে থাকার কোনো কারণ থাকতে পারে না,’ বলছিলেন তিনি।

তারেক রহমানের সংক্ষিপ্ত সফর নিয়ে নিউইয়র্কে বেশ আলোচনা হচ্ছে। কারণ অতীতে প্রধানমন্ত্রীদের দেখা যেত বড় বহর নিয়ে দীর্ঘ সফর করতে। সেই সফরসঙ্গীদের তালিকায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি আত্মীয়-স্বজনরাও থাকতেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সফরের সময় দেখা গেছে, নিউইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে টানা ২১ দিন ছিলেন তিনি। তার সফরসঙ্গীদের হোটেলে থাকার পেছনে লাখ লাখ ডলার ব্যয় হতো। ঢাকা থেকে বিশেষ ফ্লাইট উড়িয়ে এনে জন এফ কেনেডি বিমানবন্দরে বসিয়ে রেখে কয়েক লাখ ডলার পার্কিং ফিও গুনতে হতো।

বিপরীতে তারেক রহমান সফর করছেন ছোট একটি প্রতিনিধি দল নিয়ে। ব্যক্তিগত ও নিরাপত্তা কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাই সফরসঙ্গী হচ্ছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে।

আগে পরিকল্পনা করা হয়েছিল, তারেক রহমানের সফর হবে ২১ থেকে ৩০ সেপ্টেম্বর। তার সানফ্রান্সিসকো যাওয়ারও কথা ছিল। কিন্তু তিনি এই সফরটি বাতিল করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র বলছে, ছোট প্রতিনিধিদল নিয়ে সংক্ষিপ্ত সফরের মধ্য দিয়ে তারেক রহমানের কৃচ্ছ্রতাসাধনের বহিঃপ্রকাশ ঘটেছে।

নাগরিক সংবর্ধনা বাতিল

প্রধানমন্ত্রী তারেক রহমান সংবর্ধনা নেবেন কিংবা তাকে সংবর্ধনা দেওয়া হবে—এমন কোনো সিদ্ধান্তই ছিল না। তবে সংবর্ধনার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট, জাতিসংঘে বাংলাদেশ মিশন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা আলোচনা করছিলেন।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ এই সংবর্ধনা সভা নিয়ে আলোচনা করতে ঢাকায়ও গিয়েছিলেন।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে বলা হয়েছে, রাষ্ট্রের লাখ লাখ ডলার খরচ করে তারেক রহমান সংবর্ধনা নিতে আগ্রহী নন। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে সংবর্ধনার প্রস্তাব দিয়েছিলেন।

তখন গিয়াস আহমেদ যুক্তরাষ্ট্রে ফিরে জানিয়েছিলেন, দলীয় উদ্যোগে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে।

সেজন্য ২৫ সেপ্টেম্বর ম্যানহাটনের ম্যারিয়ট মারকুইস হোটেলে বুকিং দেওয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত হওয়ায় পাল্টে গেছে দৃশ্যপট। তিনি ২৪ সেপ্টেম্বর ভাষণ দিয়ে পরদিনই দেশে ফিরছেন। ফলে ২৫ সেপ্টেম্বর সংবর্ধনা অনুষ্ঠানে তার থাকা হচ্ছে না।

সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানতে চাইলে গিয়াস আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর দেশে ফিরে যাচ্ছেন। এমতাবস্থায় সংবর্ধনা সম্ভব নয়।’

তবে ২৫ সেপ্টেম্বর বিকালে তারেক রহমান স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সাক্ষাৎ দেবেন বলে জানান গিয়াস।

এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে না। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফর নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি তুলে ধরা হবে বলে জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত