ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে ইউপি ভোট, বদল আসছে তারিখে
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য তারিখ রাখায় বিব্রত হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর বিষয়টি কমিশনের নজরে এসেছে। ইসির ধারণা, ভোটের তারিখ নির্ধারণের সময় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যথাযথভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থাপন করতে পারেননি। এ কারণে এমন ভুল হয়েছে বলে মনে করছে কমিশন। এখন ঘোষিত তারিখ পরিবর্তনের কথা ভাবা হচ্ছে এবং শিগগিরই কমিশন সভা করে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
দুজন নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের বক্তব্যে কমিশন বিব্রত। তাঁদের মতে, তারিখ নির্ধারণে ইসির নিজেদের ভুল ও অদূরদর্শিতা ছিল—এটি সত্য। তবে মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা যেভাবে বক্তব্য দিয়েছেন, তা কমিশনের জন্য সম্মানজনক হয়নি।
গত রোববার ও সোমবার অনানুষ্ঠানিক বৈঠক করে সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করে ইসি। ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে আগামী বছরের (২০২৭) ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে ভোট হওয়ার কথা। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ধাপে সবচেয়ে বেশি সংখ্যক ইউপির নির্বাচন রাখা হয়েছে।
সমস্যা তৈরি হয়েছে দ্বিতীয় ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১৩ ডিসেম্বর নিয়ে। জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর। এর মধ্যে ১৩ ডিসেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। একই দিনে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে ইসি।
ইসি ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করা হয় এবং শিক্ষকেরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে পরীক্ষা বহাল থাকলে ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কোনো ধরনের নির্বাচন আয়োজনের সুযোগ নেই।
অন্যদিকে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ৩০ ডিসেম্বর রাখা হয়েছে। ওই দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটিতে সরকারি দল বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যেই ৩০ ডিসেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সম্ভাব্য ভোটের দিন নির্ধারণ করেছে ইসি।
সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ইউপি নির্বাচনের কয়েকটি সম্ভাব্য তারিখ পরিবর্তন করতে পারে কমিশন। এবার এ বিষয়ে আনুষ্ঠানিক কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আন্তঃমন্ত্রণালয় সভায় যে আলোচনা ও পরামর্শ আসবে, সেগুলো বিবেচনায় নিয়েই পরে ইউপি ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও ইউপি নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার ইসিতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সভায় মন্ত্রিপরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)