×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

সাদ্দামকে আন্দোলনকারীদের মারধরে উসকানি দেন কাদের

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৭:১৪:৪৯

সাদ্দামকে আন্দোলনকারীদের মারধরে উসকানি দেন কাদের

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে কথোপকথনের সময় আন্দোলনকারীদের মারধরের জন্য উসকানি দিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, কাদের সাদ্দামকে বলেছিলেন- ‘তোমরা মারো না কেন? মারো।’ তাঁর ভাষ্য, এভাবেই ছাত্রলীগকে বিভিন্নভাবে উসকানি দিয়েছিলেন ওবায়দুল কাদের।

চিফ প্রসিকিউটর আরও জানান, ওবায়দুল কাদের ‘দেখা মাত্রই গুলি’ করার নির্দেশনাও দিয়েছিলেন।

তিনি বলেন, ১১ জুলাই সাদ্দামকে বলা হয়-মারো না কেন, মারো। এর পর ১৬ জুলাই ওয়াসিম, আবু সাঈদসহ কয়েকজন নিহত হন।

আমিনুল ইসলামের ভাষ্য, ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়। একই সময়ে প্রায় ২৫ হাজার মানুষ আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন।

চিফ প্রসিকিউটর বলেন, শুধু তা-ই নয়, আন্দোলন দমনে ছাত্রলীগই যথেষ্ট—এমন কথাও বলেছিলেন ওবায়দুল কাদের। তাঁর মতে, এসব কর্মকাণ্ডের কারণেই এত বড় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সারাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের উসকানিমূলক বক্তব্য ও বিভিন্ন সিদ্ধান্তের কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একত্র হন। এরপর তাঁরা সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত