×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

‘এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন’

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৪:১৪:৫৩

‘এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন’

নিজস্ব প্রতিবেদক: এসএসসির পুনঃনিরীক্ষণের পর ৩ হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এবারের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে যাঁরা অবহেলা করেছেন, তাঁদের জবাবদিহির আওতায় আনার কথাও বলেছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘প্রতিষ্ঠানের কোন ক্লাসরুমে কীভাবে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, সেটাও আমাদের প্রতিমুহূর্তে (রিয়েল টাইম) দেখতে হবে, তদারকি করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ ক্ষেত্রে পাইওনিয়ার হতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার্থীদের পড়াচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’

তিনি বলেন, ‘এর ম্যানেজমেন্টকে আরও সতর্ক হতে হবে।’ এ সময় সব প্রতিষ্ঠান প্রধানকে ক্লাসরুমে গিয়ে গিয়ে মনিটরিং করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়কেও এ বিষয়ে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘টিচিং প্রফেশনে আসলেও আমাদের শিক্ষকরা অনেক সময় হাল ছেড়ে যায়। এটা তাদের দোষ নয়। আমাদের প্রয়োজন তাদেরকে গাইড করা, মোটিভেট করা, প্রশিক্ষণ দেওয়া। আমাদেরকে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে। না আনলে ভবিষ্যৎ অন্ধকার। এজন্য সবাইকে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ও শিক্ষা সচিব আবদুল খালেক। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষকেরাও উপস্থিত রয়েছেন। শিক্ষাবৃত্তি অনেক আগে থেকেই চালু থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত