×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৩:৫৬:৩৯

শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সফরে সিলেটে গিয়ে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিনী রাহাত আরা বেগম।

সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জিকে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি যান সিলেট সার্কিট হাউজে। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

সার্কিট হাউজে কিছু সময় বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান রাষ্ট্রপতি। মাজার জিয়ারত শেষে তিনি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

এরপর সিলেটের খাদিম নগরের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। সেখানে হজরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। পরে সেখানে জোহরের নামাজ আদায় করেন।

এক দিনের সফরের শেষভাগে বিকাল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত