×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৭:৪৬:৫৮

ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, ফ্যাসিবাদীরা তাঁদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে এবং ১৭ বছর ধরে জেল-জুলুম চালিয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব হওয়ার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, গত ১৭-১৮ বছরে দেশের মানুষের মধ্যে শুধু না পাওয়ার বিষয়টিই তৈরি হয়েছে। আমরা পেয়েছি খুবই কম। এখন মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজখবর নেন। পরে উপজেলার একটি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতেও অংশ নেন।

এ সময় লালপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জেলা যুব কমপ্লেক্সের ডিপিসি ইকবাল হোসেন চপলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত