ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
মর্যাদা ও পারস্পরিক স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক চান স্পিকার
নিজস্ব প্রতিবেদক: ভারতসহ বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার প্রত্যাশা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক প্রয়োজন হলেও ভারত যে ধরনের সম্পর্ক চায়, তার প্রতিফলন সব সময় দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্পিকার। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে মূলত কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ হচ্ছে। ভবিষ্যতে মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা করেন।
ভারতের প্রসঙ্গ তুলে ধরে স্পিকার বলেন, বাংলাদেশকে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে ভারত থেকে তেমন উৎসাহ দেখা যায়নি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ভারত যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানায়নি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ভারত পতিত সরকারের প্রধানমন্ত্রীকে দেশটিতে আশ্রয় দিয়ে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়েছে, যা কাম্য নয়।
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্পিকার বলেন, একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এরপর প্রায় দুই বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে। নতুন সরকারের বয়স মাত্র সাত মাস। দীর্ঘ ১৭ বছরের শাসনে দেশের বিভিন্ন খাতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় প্রয়োজন।
আওয়ামী লীগ সরকারের সময়ে হত্যা, গুম, দুর্নীতি ও অর্থ পাচারের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন হাফিজ উদ্দিন আহমেদ। তাঁর ভাষ্য, এসব কারণে দেশের বিভিন্ন স্তরে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সময় লাগবে। তবে নতুন সরকার ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু করেছে বলেও দাবি করেন তিনি।
সরকারি দল ও বিরোধী দল সংযমের সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দীর্ঘদিনের বঞ্চনা থেকে দেশ বেরিয়ে আসতে পারবে বলে মনে করেন স্পিকার। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের কাজ শেষ হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখন দেশের মানুষ বাক্স্বাধীনতা ফিরে পেয়েছে। আগের সরকারের সময়ে সত্য কথা বলা কঠিন ছিল। সত্য কথা বলার কারণে অনেক মানুষকে ক্রসফায়ারে প্রাণ দিতে হয়েছে এবং অনেকে গুম হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও পারভেজের কথাও উল্লেখ করেন স্পিকার।
মতবিনিময় সভায় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলমসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি